বিল কপালিয়ায় এ বছর জোয়ারাধার হচ্ছে না
যশোরের অভয়নগর উপজেলার ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে বিল কপালিয়ায় এ বছর জোয়ারাধার (টিআরএম—টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র এ কথা জানিয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, আসন্ন বর্ষার আগে জোয়ারাধারের অবকাঠামো নির্মাণ সম্ভব নয়। এ ছাড়া অনেক কৃষককে এখনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি, কৃষকদের একটি অংশ আবার জোয়ারাধারের বিপক্ষে অবস্থান নিয়েছে—সব মিলিয়ে এ বছর জোয়ারাধার চালু করা সম্ভব হচ্ছে না।পাউবো সূত্র জানায়, বিল কপালিয়ায় জোয়ারাধার না হওয়ায় এ বছর জলাবদ্ধতা রোধে কৃষকদের বুঝিয়ে ও ক্ষতিপূরণের টাকা দিয়ে পাশের এলাকায় বিল খুকশিয়ায় চলমান জোয়ারাধার অব্যাহত রাখার চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে বিল খুকশিয়ার কৃষকের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানা গেছে। তাঁদের অভিযোগ, বিলটিতে তিন বছরের জোয়ারাধার প্রকল্প চলছে সাত বছর ধরে। এ সময় বিলে কোনো ফসল হয়নি। বিলের বেশির ভাগ কৃষক কোনো ক্ষতিপূরণ পাননি। এ জন্য তাঁরা বিলে আর জোয়ারাধার চালু রাখতে চান না।পাউবো সূত্র জানায়, মূল নদীসংলগ্ন যেকোনো একটি পূর্বনির্বাচিত বিলের তিন দিকে পেরিফেরিয়াল বাঁধ নির্মাণ করে অবশিষ্ট দিকের বেড়িবাঁধের একটি অংশ উন্মুক্ত করে বিলে জোয়ার-ভাটা চালু করা হয়। এটাই জোয়ারাধার নামে পরিচিত। জোয়ারাধার চালু থাকলে ওই বিলে কোনো ফসল হয় না। ভবদহ এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য সাগর থেকে জোয়ারের সঙ্গে আসা পলি পর্যায়ক্রমে এলাকার একটি করে বিলে ফেলে বিল উঁচু করার পাশাপাশি নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প’ গ্রহণ করা হয়।ওই প্রকল্পের পরিচালক এবং পানি উন্নয়ন বোর্ড খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যশোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ সার্কেল) দীপক কুমার সরকার গত শনিবার বলেন, ‘সামনে বর্ষা মৌসুম। তাই জোয়ারাধারের অবকাঠামো নির্মাণ করা সম্ভব নয়। প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। আগামী বছরের শুরুতেই বিল কপালিয়ায় জোয়ারাধার নির্মাণের কাজ শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘এ বছর জলাবদ্ধতা রোধে কৃষকদের বুঝিয়ে ও ক্ষতিপূরণ দিয়ে বিল খুকশিয়ায় আরও এক বছর জোয়ারাধার চালু রাখার চেষ্টা করা হচ্ছে।’ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ‘ভবদহ এলাকার জলাবদ্ধতা দূর করতে টিআরএমের কোনো বিকল্প নেই। বিলের কিছু ঘেরমালিকের আন্দোলনে টিআরএম বন্ধ করতে দেওয়া হবে না। কোনো বলপ্রয়োগ নয়, কৃষকদের বুঝিয়ে এবং যথাযথ ক্ষতিপূরণ দিয়ে টিআরএম বাস্তবায়ন করতে হবে। কৃষকদের উদ্বুদ্ধ করতে আমরা এলাকায় সমাবেশ অব্যাহত রেখেছি।’