বিল কপালিয়ায় জোয়ারাধার বাস্তবায়নে পাঁচ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে যশোরের ভবদহ অঞ্চলের বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম) বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে গতকাল বুধবার দুপুরে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে দ্রুত জোয়ারাধার বাস্তবায়নের জন্য পাঁচ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, সহজ শর্তে কৃষকের ক্ষতিপূরণের টাকা দ্রুত পরিশোধ, জোয়ারাধারের অপরিহার্য প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে প্রচারপত্র বিলি, এ-সংক্রান্ত অতীতের সংঘর্ষের মামলা প্রত্যাহারের পদক্ষেপ, স্থানীয় দিনমজুর ও শ্রমজীবী মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে জোয়ারাধারের কাজে লাগানো এবং বিলপাড়ের দরিদ্র মানুষকে ভিজিএফ বা খাদ্যনিরাপত্তা দেওয়া।
স্মারকলিপিতে বলা হয়েছে, বিল কপালিয়ার জোয়ারাধার বাস্তবায়ন আরও বিলম্ব হলে যশোর শহরসংলগ্ন বিল হরিণা পর্যন্ত দুই শতাধিক জনপদ ও ফসলের মাঠ স্থায়ী জলাবদ্ধতার শিকার হবে৷
বিলের কয়েক শ একর খাসজমি দখলে থাকা ঘের মালিকেরা সাধারণ কৃষকদের ভুল বুঝিয়ে টিআরএম বিরোধিতায় প্ররোচিত করছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।