বিল কপালিয়ায় তিনজনের আত্মাহুতির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরের পাঁচাকড়ি গ্রামের বালিয়াখালী বটতলায় গতকাল সোমবার দুপুরে তিন ব্যক্তি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। বিল কপালিয়ায় জোয়ারাধার প্রকল্প বাতিল করে ভবদহ এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন, তাঁদের বিরুদ্ধে করা চারটি মামলা প্রত্যাহার এবং এসব মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এই আত্মাহুতির চেষ্টা চালান। যাঁরা আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা হলেন: জিয়াউর রহমান গাজী (২৫), আমির আলী সরদার (৬৫) ও মোকছেদ সরদার (৬২)। তাঁদের সবার বাড়ি উপজেলার বালিধা গ্রামে। বিল কপালিয়ায় জোয়ারাধারবিরোধী আন্দোলনের নেতা ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, পূর্বঘোষিত গণ-আত্মাহুতির কর্মসূচিতে অংশ নিতে গতকাল সকাল থেকে শত শত নারী-পুরুষ বালিয়াখালী বটতলায় সমবেত হন। বেলা একটার দিকে তিনজন বিষপান করে আত্মাহুতির চেষ্টা চালান। কিন্তু তাৎক্ষণিকভাবে চিকিৎসা করানোয় তাঁরা বেঁচে যান। জোয়ারাধারবিরোধী আন্দোলনের নেতা ফারুক হোসেন জানান, জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গতকাল বিকেলে বালিধা দাখিল মাদ্রাসায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বিষয়টি সমাধানের লক্ষ্যে আরও কয়েক দিন সময় চেয়েছেন। ২ জুন বিল কপালিয়ায় জোয়ারাধার নির্মাণের অংশ হিসেবে পেরিফেরিয়াল বাঁধ তৈরির কাজের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এলাকাবাসীর হামলায় যশোর-৬ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ কমপক্ষে ২৬ জন আহত হন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের তিনটি জিপসহ নয়টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। থানার এসআই ফেরদৌস ওয়াহিদ বাদী হয়ে পরদিন অভয়নগর থানায় মামলা করেন। এ ছাড়া মনিরামপুর থানায় একটি মামলা করা হয়।