বিল খুকশিয়ার কাটিং পয়েন্ট বন্ধ করে দিল এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার বিল খুকশিয়ার জলাবদ্ধতা দূর করতে গোরশয়াল নামক স্থানের কাটিং পয়েন্ট (পানি তোলার জন্য বাঁধের কাটা অংশ) বন্ধ করে দেওয়ার কাজ শেষ হয়েছে।খুকশিয়া বিলকে পলি দিয়ে উঁচু করতে ২০০৫ সালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জোয়ারাধার প্রকল্পের আওতায় গোরশয়ালে বাঁধের কিছু অংশ কেটে শ্রীহরি নদীর পানি ঢোকানো হয়। প্রকল্পের মেয়াদ তিন বছর থাকলেও সাত বছরেও সেই প্রকল্প শেষ না হওয়ায় ৮৩০ হেক্টর জমিতে ১৩ গ্রামের মানুষ ফসল ফলাতে না পেরে দুঃসহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিলেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এলাকার লোকজন গত বছরের ১২ ডিসেম্বর থেকে ১৫০ ফুট দীর্ঘ ওই কাটিং পয়েন্ট বন্ধ করে দেওয়ার কাজ শুরু করেন। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ কাজ শেষ হয়।ওই দিন সরেজমিনে দেখা যায়, এলাকার পাঁচ-ছয় হাজার নারী-পুরুষ কাটিং পয়েন্ট বন্ধের জন্য কাজ করছেন। কেউ গাছ কেটে ফেলছেন। কেউ মাটি ফেলেছেন। তাঁদের কাজে উৎসাহ দিচ্ছে একটি বাদক দল। সুফলাকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন বলেন, সবার সম্মিলিত শ্রমে এ কাজ শেষ হলো। এ কাজ পাউবোর হলেও মানুষ পেটের তাগিদে মাঠে নেমেছে।বিল খুকশিয়া কাটিং পয়েন্ট বাঁধা কমিটির আহ্বায়ক গাজী সোলায়মান হোসেন বলেন, ‘আমরা এলাকার বাড়ি বাড়ি থেকে চাল নিয়েছি। এ ছাড়া এলাকার অবস্থাপন্ন লোকদের কাছ থেকে কিছু সহায়তা নিয়েছি। এই টাকায় চিড়া ও গুড় কিনে এখানে শ্রম দেওয়া লোকদের খাইয়েছি।’