বিল খুকশিয়ায় আট বছর পর ধান আর ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর পর যশোরের কেশবপুর উপজেলার বিল খুকশিয়ায় পাকা ধানের শিষ দোল খাচ্ছে। বিলসংলগ্ন এলাকার কৃষকের বাড়িতে চলছে ধান মাড়াই ও ঝাড়াইয়ের কাজ। ধান পেয়ে কৃষকদের মুখে খুশির ঝিলিক। সম্প্রতি ওই এলাকায় সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কেশবপুর কার্যালয় সূত্রে জানা গেছে, এলাকার জলাবদ্ধতা দূর করতে ২০০৬ সালে বিল খুকশিয়ার ৮৪৬ হেক্টর জমিতে পাউবো জোয়ারাধার প্রকল্প চালু করে। এ প্রকল্পের মেয়াদ ছিল তিন বছর। কিন্তু তা আট বছর চালু ছিল। বিলে জোয়ার ও ভাটা চলতে থাকায় ওই আট বছর এলাকার ১৫টি গ্রামের মানুষ সেখানে কোনো ফসল ফলাতে পারেননি। নিয়মানুযায়ী প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর বাঁধের কাটিং পয়েন্ট বেঁধে দেওয়ার কথা। কিন্তু প্রতিষ্ঠানটি কাটিং পয়েন্ট বেঁধে না দেওয়ায় কৃষকেরা স্বেচ্ছাশ্রমে গত বছরের জানুয়ারি মাসে কাটিং পয়েন্ট বেঁধে দেন। এতে বিল শুকিয়ে যাওয়ায় কৃষকেরা এ বছর বোরো আবাদ করতে পেরেছেন।
ময়নাপুর গ্রামের কৃষক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘আমাদের বিগত বছরগুলো কেটেছে বিলে মাছ ধরে। এবার আড়াই বিঘা জমিতে ধান লাগিয়েছি। এ বছর ফসল পেয়েছি। এখন কী যে আনন্দ পেয়েছি তা আপনাকে বলে বোঝাতে পারব না।’
গৃহবধূ সন্ধ্যা মণ্ডল বলেন, ‘আগে বিলে মাছ না ধরলে ছেলেমেয়েদের না খেয়ে থাকতে হয়েছে। এ বছর দেড় বিঘা জমিতে ধান হয়েছে। এখন আর আমাদের উপোস থাকতে হবে না।’
কৃষক মনোরঞ্জন মণ্ডল বলেন, ‘বিগত বছরগুলোতে আমি কোনো কাজ করতে পারিনি। ঋণ নিয়ে চলেছি। এখন আমাদের সুখের দিন। আমার এ বছর আট বিঘা জমিতে ধান হয়েছে।’
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, বিলজুড়ে শুধু ধান আর ধান। সোনালি ফসলে ভরে ওঠা মাঠে নারী-পুরুষ মিলে ধান কাটছেন। কৃষক বাকে (বাঁশের লাঠি) করে ধান নিয়ে বাড়ি যাচ্ছেন। ওই দিন ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র চন্দন মণ্ডল বিদ্যালয় থেকে এসেই ধান ঝাড়ার কাজ শুরু করে। চন্দন বলে, ‘অনেক দিন ধান দেখিনি। নিজেদের মাঠের ধান বাড়িতে নিয়ে আসা হয়েছে, তাই খুশিতে মায়ের সঙ্গে ধান ঝাড়াইয়ের কাজে যোগ দিয়েছি।’
দীর্ঘদিন পর ফসল হলেও কেউ কেউ শঙ্কার কথাও জানালেন। বারীন্দ্রনাথ মণ্ডল বলেন, তিনি আড়াই বিঘা জমিতে ধান লাগিয়েছেন। এর মধ্যে কিছু জমির ধানে পোকা আক্রমণ করেছে। এই ধান আবাদের সময় কৃষি বিভাগের কোনো সহযোগিতা পাননি।
বিষ্ণুপদ মণ্ডল বলেন, জমিতে লবণাক্ততার পরিমাণ বেশি থাকায় আশানুরূপ ফলন হয়নি। তার পরও তাঁরা খুশি। আড়ুয়া গ্রামের শাহাদত হোসেন বলেন, এলাকার মানুষের জন্য এ বছরটি কষ্টের। কারণ, দীর্ঘদিন পর এবার ফসল হওয়ায় ঋণ পরিশোধের জন্য মহাজনেরা চাপ দেবেন।
কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস বলেন, বিল খুকশিয়ায় এ বছর ৮০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। জমিতে লবণাক্ততার পরিমাণ বেশি হওয়ায় ফসল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাদামি গাছফড়িং পোকা লাগার কারণে কোথাও কোথাও ফসলের ক্ষতি হতে পারে। তিনি দাবি করেন, কৃষি বিভাগের লোকেরা এ-সংক্রান্ত পরামর্শ কৃষকদের দিয়েছেন। সুফলাকাঠী ইউপির চেয়ারম্যান মনজুর রহমান বলেন, অনেক দিন পর এ বছর বিলে ফসল হয়েছে। তাই এলাকার মানুষ খুব খুশি। এখন আবার মানুষের সচ্ছলতা ফিরে আসবে।