বিল খুকশিয়ায় জোয়ারাধার বন্ধ, কপালিয়ায় চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ভবদহে আবারও জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। বিল খুকশিয়ার জোয়ারাধারের (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম) কাটিং পয়েন্টটি বেঁধে দিয়েছেন ক্ষতিগ্রস্ত বিক্ষুব্ধ কৃষকেরা। বিল কপালিয়ায় প্রস্তাবিত জোয়ারাধার চালু নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে।এলাকার ভুক্তভোগী মানুষের আশঙ্কা, শিগগরি এ সমস্যার সমাধান না হলে আগামী বর্ষার আগেই পলি জমে নদীর বুক উঁচু হয়ে পড়বে। বৃষ্টির পানি জমে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দেবে। এদিকে জলাবদ্ধতা থেকে রেহাই পেতে জোয়ারের সঙ্গে আসা পলি বিলে ফেলতে এলাকার মানুষ ভবদহ জলকপাটের (স্লুইসগেট) পাশ দিয়ে কেটে শ্রী নদীর সঙ্গে বিল কপালিয়ার সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত ২৮ জানুয়ারি ভবদহ জলকপাটের পাশে এক বৈঠকে এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আগামী দুই সপ্তাহের মধ্যে এ সংযোগ খাল কাটার ঘোষণা দিয়েছেন।অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক জানান, মধ্য জানুয়ারি থেকে নদীতে ব্যাপক হারে জোয়ারের সঙ্গে পলি আসছে। গোরসয়াল কাটিং পয়েন্টটি বেঁধে দেওয়ায় নদীতে পলি পড়া শুরু হয়েছে। বিল কপালিয়ায় জোয়ারাধার চালু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ফলে পলিতে নদী ভরাট হয়ে যাবে এবং আগামী বর্ষায় গোটা ভবদহ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হবে। জলাবদ্ধতা থেকে রেহাই পেতে আগামী দুই সপ্তাহের মধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল কেটে শ্রী নদীর সঙ্গে বিল কপালিয়ার সংযোগ দেওয়া হবে। পাউবো সূত্রে জানা যায়, মূল নদীসংলগ্ন যেকোনো একটি বিলের তিন দিকে বাঁধ নির্মাণ করে অবশিষ্ট দিকের বেড়িবাঁধের একটি অংশ উন্মুক্ত করে বিলে জোয়ার-ভাটা চালু করা হয়। এটাই জোয়ারাধার নামে পরিচিত। ভবদহ এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য সাগর থেকে জোয়ারের সঙ্গে আসা পলি পর্যায়ক্রমে এলাকার একটি করে বিলে ফেলে বিল উঁচু করার পাশাপাশি নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প’ গ্রহণ করা হয়। প্রতি বিলে জোয়ারাধার চলবে তিন বছর ধরে। জোয়ারাধার চলাকালে ওই বিলে কোনো ফসল হবে না। এ জন্য কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও নেয় পাউবো। জলাবদ্ধতা দূর করতে ২০০৬ সালের এপ্রিলে কেশবপুর উপজেলার বিল খুকশিয়ায় তিন বছর মেয়াদি জোয়ারাধার চালু করা হয়। প্রকল্পের আওতায় উপজেলার ডায়েরখালি ও গোরসয়াল নামক স্থানে বেড়িবাঁধ কেটে (কাটিং পয়েন্ট) বিলের সঙ্গে হরি নদীর সংযোগ দেওয়া হয়। ২০০৮ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও তা অব্যাহত থাকে। এ সময় বিলে কোনো ফসল হয়নি। ফসলের ক্ষতিপূরণের জন্য তিন কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ দেয় পাউবো। এ পর্যন্ত বিলের এক হাজার ৮২ জন কৃষকের মধ্যে মাত্র ৪৪৬ জন কৃষক এক কোটি ৮৫ লাখ ২৩ হাজার ৩৩২ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। বিলের বেশির ভাগ কৃষক ক্ষতিপূরণ পাননি।বিল খুকশিয়ার পর দ্বিতীয় বিল হিসেবে বিল কপালিয়ায় ২০০৯ সাল থেকে জোয়ারাধার চালুর সিদ্ধান্ত নেয় পাউবো। কিন্তু গত তিন বছরেও তারা বিল কপালিয়ায় প্রস্তাবিত জোয়ারাধার চালু করতে পারেনি। ২০১২ সালের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়। এরপর তা বাড়িয়ে আগামী ২০১৫ সালের ৩০ জুন করা হয়েছে। বিল কপালিয়ায় তিন বিঘা জমি আছে কপালিয়া গ্রামের কৃষক শ্যামল মণ্ডলের। ওই জমিতে তিনি জোয়ারাধার চান না। ফসলের ক্ষতিপূরণের জন্য তিনি আবেদনও করেননি। তিনি বলেন, ‘বিলে ধান ও মাছ হচ্ছে। টিআরএম করা ভালো। কিন্তু টিআরএম হলে বিলে ধান, মাছ কিছুই হবে না।’ অভয়নগরের কালিশাকুল গ্রামের কৃষক কালিদাস মণ্ডল বলেন, ‘বিল কপালিয়ায় আমার এক বিঘা জমি আছে। আমি ফসলের কোনো ক্ষতিপূরণ পাইনি। সবেমাত্র বোরো ধান লাগিয়েছি। এখন টিআরএম হলে আমার খুব ক্ষতি হবে। আবার টিআরএম না হলে জলে বাড়িঘর তলায়ে যাবে।’ ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি বলেন, ‘জলাবদ্ধ ভবদহ এলাকার মানুষের আন্দোলনের ফসল এই টিআরএম। আর বিল কপালিয়ায় এই টিআরএম চালু নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে পাউবো।’‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প’র পরিচালক এবং পাউবো, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী দীপক কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘বিল কপালিয়ায় জোয়ারাধার চালুর জন্য আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এলাকার জোয়ারাধারবিরোধীরা আমাদের লোকজনদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এখনই জোয়ারাধারের অবকাঠামো নির্মাণের উপযুক্ত সময়। কিন্তু ভয়ে তারা এলাকায় যেতে পারছেন না। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতিতে জোয়ারাধার নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি।’