বিল চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের অফিস খরচ নয় হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার প্রস্তাব করে ‘মেম্বার অব পার্লামেন্ট (রেম্যুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ চূড়ান্ত করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর কমিটির সদস্য আবদুল মতিন খসরু প্রথম আলোকে এই তথ্য জানান।
সাংসদদের বেতন-ভাতা বাড়াতে গত ২৪ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। ২৭ জানুয়ারি অনুষ্ঠিত কমিটির বৈঠকে সদস্যরা বিলটির বিষয়ে আপত্তি তোলেন। তাঁরা বলেন, সচিবেরা ৮২ হাজার টাকা বেতন পান। অথচ সাংসদদের সম্মানী ভাতা ৫৫ হাজার টাকা।
বৈঠক সূত্র বলেছে, গতকাল বৈঠকে কমিটি সাংসদদের অফিস খরচ নয় হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করলে বৈঠকে উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাতে সম্মতি দেন।
সংসদে উত্থাপিত বিলটি পাস হলে সাংসদদের বেতন-ভাতা প্রায় দ্বিগুণ হবে। এই বিলে তাঁদের বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার, দৈনিক ভাতা ৩০০ টাকার স্থলে ৭৫০, স্বেচ্ছাধীন তহবিল তিন লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ, নির্বাচনী এলাকার খরচ (মাসিক) ৭ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০, পরিবহন খরচ ভাতা (মাসিক) ৪০ হাজারের পরিবর্তে ৭০ হাজার, অভ্যন্তরীণ ভ্রমণ (বার্ষিক) খরচ ভাতা ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার, লন্ড্রি ভাতা (মাসিক) এক হাজার থেকে বাড়িয়ে দেড় হাজার ও ক্রোকারিজসহ অন্যান্য ভাতা চার হাজার টাকা থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, শামসুল হক ও জিয়াউল হক মৃধা অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।