বিল তোলার পর ৫৬ কোটি টাকা বাড়তি চান ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীনগর-চন্দ্রা মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ নির্ধারিত সময়ের প্রায় এক বছর পর শেষ করেছেন ঠিকাদার। কাজের সব বিল তুলেও নিয়েছে। এখন আরও ৫৬ কোটি টাকা দাবি করে বসেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও মীর আক্তার হোসেন লিমিটেড। তাদের দাবি করা বাড়তি অর্থ মূল প্রকল্প ব্যয়ের প্রায় ৫১ শতাংশ।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্র জানায়, এই দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাড়তি অর্থ পেতে সালিসি আদালতে মামলা করেছে। সেই আদালতের ব্যয়ের অর্ধেক বহন করতে হবে সওজকে। বাকি অর্ধেক ঠিকাদারি প্রতিষ্ঠান বহন করবে। এখন এ বিষয়ে শুনানি চলছে।
সওজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সময়মতো কাজ শেষ না করে পরে বাড়তি অর্থ দাবি করা নির্মাণকাজের একটা নিয়মিত কৌশল হয়ে দাঁড়িয়েছে। ঠিকাদার ও সওজের সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশ করেই কাজের গতি কমিয়ে দেন। নবীনগর-চন্দ্রা চারলেন কাজেও এই যোগসাজশ থাকতে পারে।
জানতে চাইলে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ঠিকাদারেরা যেহেতু সালিসে গেছেন, তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে সালিসের রায়ে যদি দেখা যায়, সওজের কর্মকর্তাদের ভুলে সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি ঠিকাদার হয়রানি করার জন্য করে থাকেন, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সরকার ২০১০ সালে সাভারের নবীনগর থেকে চন্দ্রা হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত ১৬ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীত করা, পানিনিষ্কাশনের নালা নির্মাণ, সেতু, কালভার্ট ও পদচারী-সেতু নির্মাণে প্রকল্প নেয়। এতে ব্যয় ধরা হয় ১৩১ কোটি টাকা।
২০১১ সালের মে মাসে ৮৫ কোটি টাকায় মীর আক্তার ও এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংকে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে মীর আক্তারের সঙ্গে চুক্তি ছিল ৪৩ কোটির এবং এম এম বিল্ডার্সের সঙ্গে প্রায় ৪২ কোটি টাকার চুক্তি হয়। নয় মাসের মধ্যে কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় পৌনে দুই বছর পর ২০১৩ সালের ডিসেম্বরে কাজ শেষ করেন ঠিকাদারেরা। এর মধ্যে বাড়তি কাজের অজুহাতে মীর আক্তারের ব্যয় দাঁড়ায় প্রায় ৬০ কোটি টাকা এবং এম বিল্ডার্সের ৫১ কোটি। ২০১৩ সালের ডিসেম্বরে সব মিলিয়ে ১১০ কোটি টাকা বিল তুলে নেন ঠিকাদারেরা।
সূত্র জানায়, সময়মতো কাজ শেষ না করে জ্বালানি ও বিটুমিনের দাম বৃদ্ধির অজুহাতে মীর আক্তার ও এম এম বিল্ডার্স বাড়তি আরও ৫৬ কোটি টাকা দাবি করে বসে। এর মধ্যে এম এম বিল্ডার্স ৩৫ কোটি ও মীর আক্তার ২১ কোটি টাকা বাড়তি দাবি করে। কিন্তু চুক্তির শর্তে মূল্যবৃদ্ধির জন্য বাড়তি অর্থ দেওয়ার কোনো বিষয় ছিল না। ফলে সওজ বাড়তি অর্থ দিতে রাজি হয়নি। বিল তুলে নেওয়ার প্রায় নয় মাস পর বাড়তি ৫৬ কোটি টাকা পেতে ঠিকাদারেরা নোটিশ দেন সওজকে।
জানতে চাইলে এম এম বিল্ডার্সের ওই প্রকল্পের ব্যবস্থাপক সায়েম কাদের প্রথম আলোর কাছে দাবি করেন, সরকারের বিভিন্ন সংস্থার গাফিলতির কারণে কাজ দেরি হয়েছে। এ সময় প্রতি লিটার জ্বালানি তেলের দাম ২২ টাকা এবং প্রতি টন বিটুমিনের দাম বেড়েছে ২৩ হাজার টাকা। সওজের কাছে ঘোরাঘুরি করে না পেয়ে সালিসি আদালতে গেছেন তাঁরা।
সওজ সূত্র জানায়, সাধারণত বড় প্রকল্পে নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধির কথা বিবেচনা করে প্রতিবছর নির্দিষ্ট হারে ঠিকাদারকে বাড়তি অর্থ দেওয়ার রীতি আছে। কিন্তু এই প্রকল্পটি যেহেতু নয় মাসের এবং মূল্যস্ফীতির কারণে বাড়তি অর্থ দেওয়া হবে না বলে চুক্তিতেই জুড়ে দেওয়া হয়। অধিকন্তু প্রকল্পের সময় বৃদ্ধির যে আদেশ দেওয়া হয়, সেখানেও ব্যয় বাড়ানো হবে না—এ কথা জুড়ে দেওয়া হয়। এ অবস্থায় মূল্য বৃদ্ধির জন্য ঠিকাদারকে বাড়তি অর্থ দেওয়ার কোনো সুযোগ নেই। একইভাবে নির্মাণসামগ্রীর মূল্য কমে গেলেও ঠিকাদার নির্ধারিত হারেই বিল পেতেন।
সওজের নথি থেকে জানা যায়, কাজ চলাকালীন ঠিকাদারের পক্ষ থেকে বিদ্যুতের খুঁটি ও সেবা সংস্থার লাইন অপসারণে দেরি হওয়ার অভিযোগ করা হয়। কিন্তু সওজ বিদ্যুতের খুঁটির ফাঁকে ফাঁকে থাকা কাজ আগে শেষ করার পরামর্শ দিয়েছিল। এটা মেনে কাজ করলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হতো। কিন্তু ঠিকাদার তা করেনি।
জানতে চাইলে মীর আক্তারের প্রকল্প ব্যবস্থাপক শের শাহ প্রথম আলোকে বলেন, বাংলাদেশে কি কোনো জিনিসের দাম কমে? এখন আদালতই ঠিক করবেন ঠিকাদার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য কি না।
সওজ সূত্র জানায়, গত বছরের শেষের দিকে এম এম বিল্ডার্স আইনজীবী রফিক-উল হকের মাধ্যমে সালিসি কমিটি গঠনের নোটিশ দেয়। এতে তাদের প্রক্ষে সালিসকারক হিসেবে নিয়োগ দেওয়া হয় বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামকে। আর সওজ সালিসকারক হিসেবে নিয়োগ দেয় সংস্থারই সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোস্তফাকে। দুই পক্ষই সালিস কমিটির চেয়ারম্যান হিসেবে মেনে নেয় সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনকে।
সূত্র জানায়, গত ১১ জানুয়ারি সওজের মানিকগঞ্জ কার্যালয় থেকে ঢাকা সার্কেলে চিঠি দিয়ে সালিসি আদালতের চেয়ারম্যান ও সালিসকারকদের সম্মানী বাবদ ২২ লাখ টাকা বরাদ্দের অনুরোধ জানায়।
সূত্র জানায়, এর আগে মীর আক্তারের পক্ষ থেকেও একই দাবি করে সালিসি আদালত গঠনের নোটিশ দেওয়া হয়। নোটিশকারী, সালিসকারী ও সালিস কমিটির চেয়ারম্যানও একই ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়।
সওজ সূত্র দাবি করছে, চুক্তি না থাকায় এবং চূড়ান্ত বিল তুলে নেওয়ার পর ঠিকাদারের আর কোনো দাবি থাকতে পারে না। সরকারের পক্ষ থেকে সঠিকভাবে চেষ্টা করা হলে ঠিকাদারের দাবি টিকবে না। কিন্তু প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সরকারি কর্মকর্তাদের অবহেলার সুযোগ নিয়ে সালিসি আদালতে যায়।