বিল দখল নিয়ে ডোমারে দুই পক্ষের বিরোধ চরমে
নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের চামুয়ার বিলে মাছ ছাড়াকে কেন্দ্র করে জেলেপল্লির দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একটি পক্ষ স্থানীয় সাংসদের নাম ভাঙিয়ে বিলের মাছ ধরার চেষ্টা করছে। এ নিয়ে বিরোধ চরমে উঠেছে।
সরেজমিন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সোনারায় ইউনিয়নের বড়গাছা গ্রামে চার একর ৪৩ শতক আয়তনের সরকারি একটি বিল রয়েছে। উপজেলা প্রশাসন ২০০৯ সালে তিন বছরের জন্য চার লাখ ১০ হাজার টাকায় ওই বিলটি নবচেতনা মৎস্যজীবী সমবায় সমিতিকে ইজারা দেয়। কিন্তু সমিতি ওই টাকা তুলতে পারেনি। ফলে ২০১২ সাল থেকে বিলটি কেউ ইজারা নেয়নি।
সোনারায় ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, বিলটি ইজারার আগ্রহী দরপত্রদাতা না থাকায় গত বছর প্রশাসনের তত্ত্বাবধানে ওই সমিতির সভাপতি পরেশ দাশ ও সম্পাদক বিনোদ দাশকে মাছ চাষ করতে দেওয়া হয়। তাঁরা বিলে মাছ চাষ করে ৩০ হাজার টাকা খাস পরিশোধ করেছেন। এবারও একই নিয়মে তাঁরা সেখানে মাছের পোনা ছেড়েছেন। এর মধ্যে জাতীয় পার্টির স্থানীয় সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী মৎস্য সপ্তাহ চলাকালে সেখানে মাছের পোনা অবমুক্ত করেন। এর পর থেকে একটি পক্ষ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
জাফর ইকবাল সিদ্দিকী বলেন, ‘আমি সরকারি কর্মসূচির অংশ হিসেবে সেখানে মৎস্য পোনা অবমুক্ত করেছি। ওই বিলটা কার নামে বরাদ্দ আছে, সেটাও আমার জানা নেই।’
পরেশ দাশ বলেন, ‘প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিলে মাছ ছেড়েছি। কিন্তু মনোরঞ্জন, নকুলসহ কয়েকজন বলছেন এমপি ওই বিলটি তাঁদের দিয়ে গেছেন।’ তিনি অভিযোগ করেন, মনোরঞ্জন ও তাঁর লোকজন প্রতি রাতে জোর করে মাছ ধরেন এবং তাঁদের বিল ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন।
বিনোদ দাস বলেন, ‘এ বছর আমরা ২৫ মণ মাছের পোনা ছেড়েছি। প্রতিদিন খৈল-সারসহ মাছের খাবার দিচ্ছি। এ পর্যন্ত আমাদের প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। যারা আমাদের বিরোধিতা করছেন, তাঁরা মাছ চাষের সময় কোনো খরচ দিতে চান না, কিন্তু সমান অংশীদার হতে চান। এখন আমাদের মাছ ধরার সময় হয়েছে। উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে আমরা মাছ ধরতে পারছি না।’
মনোরঞ্জন দাশ বলেন, ‘ওই বিলটি পরেশ ও বিনোদ নবচেতনা সমিতির নামে ইজারা নিয়ে এককভাবে খাচ্ছেন। আমরা কিছুদিন আগে এমপির মাধ্যমে সেখানে মাছের পোনা ছেড়েছি। এ বিষয়ে আমাদের কাগজ আছে।’