বিল দখলে আ.লীগ-বিএনপির 'ঐক্য'
রাজশাহীর বাগমারা উপজেলার বিশাল খয়রা বিল দখল করে মাছের চাষ করছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। তাঁদের বাধায় মাছ ধরতে না পেরে বেকার হয়ে পড়েছেন দেড় শতাধিক মৎস্যজীবী। ইতিমধ্যে দখলকারীদের কয়েক দফা হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক জেলে।
এ ব্যাপারে থানায় একাধিক লিখিত অভিযোগ দিলেও মামলা হিসেবে নেয়নি পুলিশ। বিলটি দখলমুক্ত করে আগের মতো সবার জন্য উন্মুক্ত রাখার দাবিতে স্থানীয় লোকজন ও জেলেরা জেলা প্রশাসক, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে আবেদন করেছেন। তবে দখলদারদের দাবি, তাঁরা জমির মালিকদের কাছ থেকে ইজারা নিয়ে মাছের চাষ করছেন।
জেলেদের লিখিত অভিযোগ ও তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুমে খয়রা বিলে বাদাই, খেয়াসহ বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরেন স্থানীয় লোকজন ও জেলেরা। কিন্তু এ বছর বর্ষার শুরুতে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, তাহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রইচ উদ্দিন, একই ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক, দ্বীপপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী, বিএনপির নেতা মোবারক হোসেনের নেতৃত্বে প্রায় দেড় হাজার বিঘা আয়তনের বিল দখল করা হয়। এর আগে দখলকারীরা বিলের প্রবেশদ্বার ষষ্ঠীখালী খালের মুখ বন্ধ করে দেন এবং সরকারি ওই খালও দখল করে নেন।
গত বুধবার বিশাল বিল ঘুরে জেলেদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পুরো বিলে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের লোকজন ছাড়া অন্য কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। জেলেরা বলেন, দখলদারেরা বিলের কিছু জমির মালিককে নামমাত্র টাকা দিয়ে বিলে মাছের চাষ শুরু করেন। অন্যদিকে তাঁরা সাধারণ জেলেরাও সমিতির নামে মাছ ছেড়ে অন্যান্য বছরের মতোই মাছ ধরা শুরু করেন। কিন্তু বিল দখলকারীদের বাধার মুখে তাঁরা মাছ ধরতে পারছেন না। মাছ ধরার অপরাধে তাঁদের কয়েক দফা শারীরিক নির্যাতন করা ছাড়াও জাল, দড়ি ও নৌকা পুড়িয়ে ফেলা হয়। ৫ আগস্ট আবদুল আলী নামের এক জেলেকে মারধর করা হয়। ১৫ আগস্ট অর্ধশত জেলের ওপর হামলা চালানো হয়। এ ব্যাপারে বাগমারা থানায় একাধিক লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘সমঝোতার চেষ্টা করছি।’
শ্রীপুর গ্রামের বাসিন্দা ইউসুফ আলী ও রহিদুল ইসলাম, বাঙ্গালপাড়ার সেলিম সরদার, খয়রা গ্রামের ইসমাইলসহ শতাধিক ব্যক্তি গত কয়েক দিন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, প্রভাবশালী নেতারা তাঁদের জমি দখল করে মাছের চাষ করছেন। এ জন্য তাঁদের কোনো অনুমতিও নেওয়া হয়নি।
শ্রীপুর গ্রামের জেলে সিরাজ বলেন, ‘ওঁরা (আওয়ামী লীগ ও বিএনপি) আলাদা হলেও পকেট ভরতে এক।’
মকবুল হোসেন মৃধা দাবি করেন, তাঁরা ৮০ ভাগ জমির মালিককে টাকা দিয়ে মাছ চাষের জন্য জমি নিয়েছেন। ওয়াজেদ আলী বলেন, তাঁরা জমির মালিকদের বিঘাপ্রতি ৫০০ টাকা করে দিয়ে মাছ চাষের জন্য বিল নিয়েছেন। কিছু জমির মালিকদের এখনো টাকা দেওয়া হয়নি বলে তিনি স্বীকার করেন। তিনি জানান, আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের নেতাদের নিয়ে মাছের চাষ করা হচ্ছে।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুল ইসলাম জানান, বিল দখলের ব্যাপারে মৎস্যজীবী ও স্থানীয় লোকজনের অভিযোগ পেয়ে তা মৎস্য কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত শুরুর কথা জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদুজ্জামান। তিনি বলেন, ‘যুগ যুগ ধরে খয়রা বিল উন্মুক্ত থাকলেও এবার দখল করা হয়েছে। এতে জেলেরা বেকার হয়ে পড়েছেন। বিলটি জেলেদের জন্য উন্মুক্ত করে দেওয়া দরকার।’