বিল দিচ্ছেন ২০ বছর পানি পাননি কখনো!
২০ বছর ধরে পানির বিল দিচ্ছেন ১ নম্বর ওয়ার্ডের চাপালী মহল্লার সিরাজুল ইসলাম। কিন্তু এখনো তিনি পানির সুবিধা পাননি। তাঁদের এলাকায় পৌরসভার পানির কোনো সংযোগই যায়নি। এ অবস্থা শুধু চাপালী এলাকায় নয়, ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ১৬টি মহল্লার মধ্যে ১০টির। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার পানির সুবিধা না পেয়েও পৌরসভাকে নিয়মিত বিল দিয়ে যাচ্ছে।পৌরসভার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯১ সালের মার্চে প্রতিষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডে ১৬টি মহল্লা রয়েছে। দীর্ঘ ২০ বছরে পর্যায়ক্রমে তিনিট মহল্লায় পুরোপুরি ও তিনটিতে আংশিকভাবে পানির সংযোগ দেওয়া হয়েছে। বাকি ১০টি মহল্লায় কোনো সংযোগই দেওয়া হয়নি। এসব মহল্লায় ছয় হাজারের বেশি পরিবার বসবাস করে। পানি না পেলেও গত ২০ বছর ধরে পানির বিল দিয়ে যেতে হচ্ছে তাদের।পৌরসভার পানি সরবরাহ বিভাগের কর্মকর্তা আবুল কালাম জানান, এ পর্যন্ত তাঁরা ১০ কিলোমিটার সংযোগ স্থাপন করে ৫৮৫টি পরিবারে পানি সরবরাহ করছেন। চাহিদা থাকা সত্ত্বেও আর্থিক সমস্যার কারণে সংযোগ সম্প্রসারণ করতে পারছেন না।পাইকপাড়া এলাকার বাসিন্দা আবদুল ওয়াহেদ জানান, পানির কোনো সুবিধা না পেয়েও দীর্ঘদিন ধরে তিনি পৌরসভাকে পানির বিল দিচ্ছেন। তিনি বলেন, শহর থেকে পাইকপাড়া অভিমুখে যে সংযোগ বসানো হয়েছে, তা তাঁদের এলাকা থেকে অনেক দূরে। মধুগঞ্জ এলাকার দোকানদার নজরুল ইসলাম জানান, পাম্পগুলো দূরে হওয়ায় তাঁদের এলাকায় পানির সংযোগ থাকলেও ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না। তা ছাড়া পৌরসভার সরবরাহ করা পানিতে আয়রনের পরিমাণ খুব বেশি হওয়ায় তা খাওয়া যায় না।এদিকে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পৌর এলাকার চার হাজার ৯৫৩টি নলকূপের মধ্যে প্রায় সাড়ে চার হাজারই অকেজো হয়ে পড়েছে। ৩২টি উন্মুক্ত নলকূপের মাধ্যমে দিনে-রাতে পাঁচ ঘণ্টা পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু সেই পানি খাবার অনুপযোগী বলে জানিয়েছেন গ্রাহকেরা। ফলে পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে পৌরসভার মেয়র মাহবুবার রহমান বলেন, তাঁরা পানির সংযোগ সম্প্রসারণের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আর্থিক কারণে হয়ে উঠছে না। শিগগিরই আরও ১০ কিলোমিটার লাইন সম্প্রসারণ করা হবে। বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘কর না দিলে পৌরসভা চলবে কী করে। এভাবেই একসময় নাগরিকেরা সব ধরনের সুবিধা পাবে।’