বিল দিতে না পারায় সুস্থ হয়েও হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মুগদা এলাকার বাসিন্দা সেলিম হোসেন (২৫) ৭ জুন নিজের কাজে এসেছিলেন সাভারে। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দগ্ধ হন তিনি। এরপর থেকে চিকিৎসাধীন আছেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে।
বর্তমানে সেলিম মোটামুটি সুস্থ হলেও বিল পরিশোধ না করায় তাঁকে ছাড়া হচ্ছে না। এ কারণে সপ্তাহ খানেক ধরে তাঁকে খাবার ও ওষুধ দেওয়া হচ্ছে না। ঘটনার সময় ফোন হারিয়ে যাওয়ায় তাঁর স্ত্রীও জানেন না তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন।
সেলিম জানান, স্ত্রী ও এক মেয়েকে নিয়ে মুগদা এলাকায় থেকে দিনমজুরি করেন তিনি। পারিবারিক কাজে ৭ জুন সকালে তিনি সাভারের বাহেরচর এলাকায় আসেন। সেখান থেকে বাসায় ফেরার পথে সন্ধ্যা ছয়টার দিকে সাভারের হেমায়েতপুর থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন তিনি। আমিনবাজারে যাওয়ার পর বাসটি বিকল হয়ে যায়। এরপর একটি টেম্পোতে করে তিনি গাবতলী যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর একটি বস্তু এসে গাড়িতে পড়ে এবং প্রচণ্ড শব্দে আগুন ধরে যায়। এরপর আর কিছু মনে নেই তাঁর। গভীর রাতে চেতনা ফিরলে জানতে পারেন, তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। তাঁর শরীরের অন্তত ৩০ শতাংশ পুড়ে গেছে।
ভর্তি হওয়ার পর প্রথম দিকে হাসপাতাল কর্তৃপক্ষই তাঁর চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করেছে। এখন তিনি অনেকটাই সুস্থ। কিন্তু বিল পরিশোধ করতে না পারায় তাঁকে ছাড়া হচ্ছে না। সপ্তাহ খানেক ধরে তাঁকে খাবার এবং ওষুধও দেওয়া হচ্ছে না। মাঝেমধ্যে শুধু ড্রেসিং করে দেওয়া হয়।
সেলিম এই প্রতিবেদককে বলেন, ‘টাকার ব্যবস্থা কইরা আমারে তাড়াতাড়ি বাইর কইরা দেন মামা, আমি বহুত কষ্টে আছি।’
এনাম মেডিকেলের পরিচালক আনোয়ারুল কাদির বলেন, সেলিমের কাছে ওষুধ বাবদ পাওনা হয়েছে প্রায় সাত হাজার টাকা। এ ছাড়া অস্ত্রোপচার, সার্জন ফিসহ অন্যান্য বিল বাবদ পাওনা আছে ৫০ হাজার টাকা। এর মধ্যে পরিশোধ করা হয়েছে মাত্র সাড়ে তিন হাজার টাকা। আর বাকি টাকা পরিশোধ না করায় তাঁকে ছাড়া হচ্ছে না।
সেলিম হোসেন বলেন, ঘটনার সময় মুঠোফোন হারিয়ে যাওয়ায় তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। আর তাঁর বাবা টাকা দেওয়ার আশ্বাস দিয়েও টাকা দিচ্ছেন না। এ কারণে তাঁর পক্ষে বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া বিল পরিশোধ করার মতো সঞ্চিত টাকাও তাঁর নেই। হাসপাতালে তাঁর পেট চলে পাশের রোগীদের কাছে চেয়েচিন্তে।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, বিষয়টি তাঁদের জানা নেই।