বিল, নদী ও প্লাবন ভূমি খননের নামে মাটি বিক্রি
সরকারি অর্থে ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকার বিল, নদী ও প্লাবন ভূমি পুনর্খনন প্রকল্পের নামে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। ধামরাই উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প এলাকায় সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন (চতুর্থ পর্যায়) প্রকল্পের আওতায় কুল্লা ইউনিয়নের পাল্লী গ্রামের বেতলাই বিল, সুয়াপুর ইউনিয়নের গাজীখালী মরা নদী ও সুতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর প্লাবন ভূমি (খাল) পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়। ২০১২-২০১৩ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে শ্রমিক মজুরি হিসেবে প্রতিটি প্রকল্পের জন্য পাঁচ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়।
বেতলাই বিল
বেতলাই পাল্লী গ্রামের বহু প্রাচীন একটি বিল। পাশেই রয়েছে ‘এএএম’ নামের অবৈধ একটি ইটভাটা। বিল থেকে মাটি কেটে ইটভাটাতে বিক্রি করা হচ্ছে। প্রতি ঘনফুট মাটির
মূল্য ধরা হয়েছে প্রায় তিন টাকা। বিলের শূন্য দশমিক ৪৬৬ হেক্টর জলাত্যয়নের পাঁচ হাজার ৪৮৭ দশমিক ৮৮ ঘনমিটার মাটি খননের জন্য সরকারিভাবে পাঁচ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতি ঘনমিটার মাটি খননের জন্য শ্রমিকের মজুরি ধরা হয়েছে ৯১ টাকা ১১ পয়সা। কিন্তু কোনো শ্রমিক নিয়োগ না করে ভেকু আর ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে।
পাল্লী গ্রামের বাধর আলী, আবদুল আওয়াল ও আবদুল মালেকসহ অনেকে অভিযোগ করেন, কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কোরবান আলী ১৫ দিন ধরে ভেকু ও ড্রেজার দিয়ে মাটি কেটে পাশের এএএম ইটভাটায় বিক্রি করছেন। যেভাবে মাটি কাটা হচ্ছে তাতে বিলের কোনো উন্নয়ন হচ্ছে না। ইটভাটা মালিকদের একজন মিজানুর রহমান টাকার বিনিময়ে কোরবান আলীর কাছ থেকে মাটি কেনার কথা স্বীকার করছেন। ১৫ দিনে প্রায় ৩০ লাখ টাকা মাটির বিল পরিশোধ করেছেন বলে জানান তিনি। কোরবান আলী প্রথম আলোকে বলেন, ‘সাংসদের (আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ বেনজীর আহমেদ) মনোনীত প্রতিনিধি হিসেবে সরকারি প্রকল্প বাস্তবায়ন করছি। নিয়ম অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের পর উদ্বৃত্ত মাটি বিক্রি করারও বিধান রয়েছে। মাটি বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হবে। তবে সেই অর্থ এক থেকে দেড় লাখের বেশি হবে না।’ ভেকু দিয়ে মাটি কাটা প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকের অভাবে ভেকু ব্যবহার করা হচ্ছে।
ছোট কালামপুর প্লাবন ভূমি ও সুয়াপুর গাজী খালী মরা নদী
ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কালামপুর বাসস্ট্যান্ডের অদূরে ছোট কালামপুরের প্রকল্পটির জন্য অর্থ বরাদ্দ হলেও সড়ক ও জনপদ (সওজ) বিভাগ অনাপত্তি সনদ না দেওয়ায় কাজ শুরু হয়নি। ভূমি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীর তীরবর্তী পলিবাহিত ভূমির নাম প্লাবন ভূমি। কিন্তু সরেজমিনে দেখা যায়, প্রকল্প এলাকায় রয়েছে কয়েক বিঘা সমতল ভূমি। খাল বা প্লাবন ভূমির কোনো অস্তিত্ব নেই।সমতল ভূমিকে প্লাবন ভূমি ও খাল হিসেবে দেখানো ও সওজ বিভাগের অনুমতি ছাড়া প্রকল্প দেওয়ার কারণ জানতে চাইলে ধামরাই উপজেলা মৎস্য কর্মকর্তা সুশীল চন্দ্র মণ্ডল বলেন, ‘এটা বড় কর্তাদের ব্যাপার। আমার কিছু বলার নেই।’মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সুয়াপুর গাজীখালী মরা নদী পুনর্খনন প্রকল্পের দলনেতার দায়িত্ব পেয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান। স্থানীয়রা অভিযোগ করেন, নদী খননের নামে হাফিজুর অপরিকল্পিতভাবে ভেকু দিয়ে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন।তবে হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ীই নদী খনন করা হচ্ছে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী মাটি খনন না করা হলে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে