বিল না দিতে সাংসদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণের অনিয়ম ও সংস্কারকাজের অনিয়মের বিষয়টি দেখতে গতকাল রোববার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাংসদ শিবলী সাদিক। এ সময় তিনি সিডিউল অনুযায়ী কাজ বুঝে না পাওয়া পর্যন্ত ঠিকাদারকে কোনো প্রকার বিল না দিতে প্রকৌশলীকে নির্দেশ দেন।
এ ছাড়া শিবলী সাদিক অনিয়ম তদন্তে ও সিডিউল অনুযায়ী কাজ বুঝে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদকে সভাপতি করে তিন সদস্যের কমিটি গঠন করেন।
গত শুক্রবার প্রথম আলোয় ‘নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ আ.লীগ নেতাদের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও ওই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সে যান শিবলী সাদিক। সেখানে উপস্থিত ছিলেন ইউএনও বজলুর রশীদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল বারী, থানার পরিদর্শক (তদন্ত), উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাদেক হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় শিবলী সাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের বরাদ্দ আসে তাঁদের মাধ্যমে, হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতিও তিনি। কিন্তু এখানে কোটি কোটি টাকার কাজ হচ্ছে তাঁকে না জানিয়ে। কাজে যে অনিয়ম হচ্ছে, এটিই বড় প্রমাণ উল্লেখ করে স্বাস্থ্য কর্মকর্তার কাছে বিষয়টি তাঁকে না জানানোর কৈফিয়ত চান।
শাহিনুর রহমান নিম্নমানের বালু, টাইলস, কাঠ ব্যবহারের তথ্য তুলে ধরেন। এ সময় স্বাস্থ্য কর্মকর্তার কাছে কাজের সিডিউল দেখতে চান সাংসদ। স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল বারী বলেন, ঠিকাদার বা প্রকৌশল কার্যালয় তাঁকে কোনো সিডিউল দেননি। ফলে তিনি স্বাস্থ্য কর্মকর্তা হলেও কোন কাজ কীভাবে হবে, তা তদারক করতে পারছেন না।
চিকিৎসক আলী হোসেন শাহ সাংসদের কাছে অভিযোগ করে বলেন, ঠিকাদার ও প্রকৌশল কার্যালয় স্বাস্থ্য কমপ্লেক্সের কারও সঙ্গে কোনো কাজের সমন্বয় করছে না। ঠিকাদারের লোকজন যখন-তখন যেখানে-সেখানে খোঁড়াখুঁড়ি করছেন।
পরে সাংসদ ইউএনও বজলুর রশীদকে সভাপতি করে কাজের অনিয়ম তদন্তে ও সিডিউল অনুযায়ী কাজ বুঝে নেওয়ার জন্য তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করেন। সেই সঙ্গে সিডিউল অনুযায়ী কাজ বুঝে না পাওয়া পর্যন্ত ঠিকাদারকে কোনো বিল না দিতে দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. আফসারকে নির্দেশ দেন সাংসদ। এ ছাড়া নতুন ভবনের একটি কক্ষ দ্রুত নির্মাণ শেষ করে সেখানে স্টোররুম পরিবর্তনের নির্দেশ দেন সাংসদ।
মো. আফসার সিডিউল অনুযায়ী কাজ বুঝে না নেওয়া পর্যন্ত বিল না দেওয়ার আশ্বাস দেন সাংসদকে।