বিল না দিয়েই ছাড়া পেলেন দুই রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে টাকা দিতে না পারায় আটক দুই রোগী ছাড়া পেয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
দুই রোগী হলেন মানিকগঞ্জের রাজবানু ও রিকশাচালক আলাউদ্দিন। রাজবানু ২৬ দিন এবং আলাউদ্দিন দেড় মাস ধরে হাসপাতালে ছিলেন।
এ ব্যাপারে রাজবানুর স্বামী মতিউর রহমান প্রথম আলোকে বলেন, আজ তাঁদের হাসপাতাল ছাড়তে বলা হয়েছে। কোনো টাকা-পয়সা দিতে হবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক আনোয়ারুল কাদের বলেন, কোনো বিল পরিশোধ ছাড়াই তাঁদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
‘চিকিৎসার বিল দিতে না পারায় দুই রোগী আটকা!’ শিরোনামে একটি সংবাদ গতকাল শুক্রবার প্রথম আলোতে প্রকাশিত হয়। এরপর আজ প্রথম আলোতে ‘হাসপাতালে “রোগী আটক’’’ না​মে সম্পাদকীয় ছাপা হয়।