কুমিল্লার হোমনা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের বিল বকেয়া থাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস। গত ৩০ জুন ওই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে ওই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের জুন থেকে এ বছরের জুন মাস পর্যন্ত উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের ৩৪ হাজার ৪৪৪ টাকার বিদ্যুৎ বিল বকেয়া হয়েছে। এর আগে সাব-রেজিস্ট্রি কার্যালয়কে বকেয়া পরিশোধ করতে তিনবার চিঠি দেয় পল্লী বিদ্যুৎ অফিস। এরপরও বকেয়া পরিশোধ না করায় গত ৩০ জুন তারা সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
গতকাল বুধবার সাব-রেজিস্ট্রি কার্যালয়ে গিয়ে দেখা যায়, স্বল্প আলোয় চারটি কক্ষে কাজ করছেন ১৬-১৭ জন কর্মচারী। তাঁদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। গরম থেকে রক্ষা পেতে কয়েকজন বাড়ি থেকে ব্যাটারিচালিত ফ্যান এনে ব্যবহার করছেন।
এ সময় মোহরা (ওই কার্যালয়ের একটি পদ) শিপ্রা রানী দাস বলেন, বিদ্যুৎ-সংযোগ না থাকায় কার্যালয়ের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত কয়েক দিনে তীব্র গরমে কয়েকজন নারী অসুস্থও হয়ে পড়েছেন।
এ ব্যাপারে উপজেলা সাব-রেজিস্ট্রার রেহেনা বেগম বলেন, এক বছরের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ অফিস। তাদের অনুরোধ করা হয়েছিল জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন না করতে, তারা অনুরোধ রাখেনি। কার্যালয়ের বিদ্যুৎ বিলের টাকা দিতে জেলা রেজিস্ট্রারকে কয়েকবার বলা হয়েছে। টাকা এখনো পাওয়া যায়নি। টাকা না পেলে বিল পরিশোধ করাও সম্ভব হবে না।
এ ব্যাপারে কথা বলতে হোমনা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সহকারী উপব্যবস্থাপক আক্তার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।