বিল না পাওয়ার প্রতিশোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আগ্রাবাদ এক্সচেঞ্জের আওতাধীন নগরের ঈদগা-মনসুরাবাদ এলাকার প্রায় দেড় হাজার টেলিফোন সংযোগ গত তিন ধরে বিচ্ছিন্ন রয়েছে।
অভিযোগ রয়েছে, ওই এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন অলংকার-দেওয়ানহাট সড়ক সম্প্রসারণের কাজে নিয়োজিত ঠিকাদারের লোকজন বিল না পেয়ে টিঅ্যান্ডটির কেব্ল চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে টিঅ্যান্ডটি এবং সিডিএর উর্ধ্বতন মহলে আলাপ-আলোচনার পরে নতুন করে কেব্ল বসানোর কাজ চলছে বলে জানা গেছে।
এ ব্যাপারে চট্টগ্রাম টিঅ্যান্ডটি আগ্রাবাদ অঞ্চলের বিভাগীয় প্রকৌশলী মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কেব্ল বসানোর কাজ চলছে। আজ বুধবারের মধ্যে আমরা পুনঃসংযোগের কাজ শেষ করতে পারব বলে আশা করছি।’
টিঅ্যান্ডটি সূত্রে জানা যায়, গত ১ জুন দিবাগত রাতে নগরের ঈদগা এলাকার রূপসা বেকারির সামনে গড়ে ওঠা সেতুর নিচে স্থাপিত টিঅ্যান্ডটির প্রায় ১৩-১৪ মিটার কেব্ল চুরি হয়ে যায়। পরে জানা যায়, ওই এলাকায় সড়কের কাজে নিয়োজিত সিডিএর ঠিকাদারের লোকজন বিল না পেয়ে প্রতিশোধ হিসেবে টিঅ্যান্ডটির কেব্ল চুরি করে নিয়ে যায়। এর ফলে ঈদগা-মনসুরাবাদ এলাকার আশপাশের প্রায় দেড় হাজার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঈদগা বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম অভিযোগ করেন, টানা তিন দিন ধরে টিঅ্যান্ডটির ফোনের সংযোগ না থাকায় দেশে ও দেশের বাইরে অনেক জরুরি যোগাযোগ সমস্যা হচ্ছে। কারণ মুঠোফোনে যোগাযোগ যেমন ব্যয়সাধ্য তেমনি নেটওয়ার্কজনিত ঝামেলা তো রয়েছেই।
জানা যায়, চুরি যাওয়া এসব কেবেলর প্রতি মিটারের বাজারমূল্য প্রায় পাঁচ হাজার ৭০০ টাকা। সেই হিসাবে ১৩ মিটারের দাম পড়ে প্রায় ৭৪ হাজার টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক টিঅ্যান্ডটির একজন কর্মকর্তা বলেছেন, সিডিএর ঠিকাদারের লোকজন এভাবে কেব্ল সরিয়ে নিয়ে অনেক ক্ষতি করেছেন। বাইরে থেকে আনা ১৩-১৪ মিটারের কেবেলর বাজারমূল্য অর্ধ লাখ টাকা ছাড়িয়ে যাবে। জনদুর্ভোগের তো কথা বলার অপেক্ষাই রাখে না। ’ কেব্ল চুরির সঙ্গে ঠিকাদারের লোকজন জড়িত থাকার বিষয়টি স্বীকার করেননি সিডিএর নির্বাহী প্রকৌশলী এবং অলংকার-দেওয়ানহাট সড়ক সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘কারা কেব্ল চুরি করেছে আমরা জানি না। টিঅ্যান্ডটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা সমস্যা সমাধানের ব্যবস্থা নিয়েছি।’