বিল নিয়ে নোটিশ দেয়নি বিএনপি
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল-২০১৩ জাতীয় সংসদে পাস করার আগে তা জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর জন্য কোনো নোটিশ দেয়নি প্রধান বিরোধী দল বিএনপি।সংসদে অনুপস্থিত থাকলেও অন্য আইন পাসের ক্ষেত্রে বিএনপির সাংসদেরা জনমত যাচাই ও বাছাই কমিটিতে বিল পাঠানোর জন্য নোটিশ দিয়ে থাকেন। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস সংশোধন বিলের ক্ষেত্রে তাঁরা কোনো নোটিশ দেননি। এ প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যেহেতু আমরা সংসদে নেই, তাই নোটিশ দিইনি।’ অন্য আইনের ক্ষেত্রে সংসদে অনুপস্থিত থাকলেও নোটিশ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সাংসদেরা এলাকায়। তাই তাঁরা নোটিশ দিতে পারেননি।’আইন পাসের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, আইনটি না পড়ে বিস্তারিত বলা যাবে না। তবে এটা পরিষ্কার যে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনটি পাস করেছে।