বিল নেওয়ার আগেই রাস্তা বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার রাস্তার মেরামত চলছে টুকরো ইট আর বালু দিয়ে। গত দুই মাসে কয়েক দফায় এভাবে রাস্তার গর্ত ভরাট করা হলেও তা ফিরে গেছে আগের দশায়। তবে এ কাজের জন্যই ঠিকাদারকে তিন কোটি টাকা বিল দেওয়ার সুপারিশ করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) দক্ষিণের প্রকৌশল বিভাগ। আরও কত টাকা দিতে হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্তই হয়নি।স্থানীয় লোকজন জানান, মেরামত করা এই রাস্তায় বৃষ্টি হলেই যানবাহন ও পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ছে। বৃষ্টি না থাকলে ওড়ে ধুলা। যানজট তো রয়েছেই। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে জয়কালীমন্দির, হাটখোলা, স্বামীবাগ, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় চলাচলকারী লোকজন।ডিসিসি দক্ষিণের প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, খরচের পুরো হিসাব এখনো পাওয়া যায়নি। তবে আপাতত তিন কোটি টাকার বিল দেওয়ার সুপারিশ করে প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।ডিসিসির প্রকৌশল বিভাগের দাবি, এরই মধ্যে উড়ালসড়ক এলাকার সাত কিলোমিটার রাস্তা ভালোভাবে মেরামত করা হয়েছে। এ জন্য প্রথমে রাস্তায় মানসম্পন্ন ইটের খোয়া ও বালুর ভারী স্তর তৈরি করতে হয়। তারপর বিটুমিনাস কার্পেটিং করতে হয়।কিন্তু সরেজমিন ঘুরে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তায় কেবল কয়েক দফা ইট আর বালুর সলিং করা হয়েছে। জয়কালীমন্দির সড়ক থেকে হাটখোলা, স্বামীবাগ, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে কুতুবখালী পর্যন্ত ঘুরে দেখা গেছে, যানবাহন চলছে লাফিয়ে লাফিয়ে। রাস্তার দুই পাশে পথচারীদের গায়ে ও দোকানপাটে তরল কাদা ছড়িয়ে চলাচল করছে যানবাহন।যাত্রাবাড়ী-বিবিরবাগিচা থেকে কাজলা সেতু পর্যন্ত রাস্তায় চলাচল আরও দুরূহ হয়ে পড়েছে। আগে রাস্তার পানি সরানোর জন্য দুই পাশে যে টানা বড় বড় গর্ত খোঁড়া হয়েছিল, সেগুলো আরও বড় হয়ে গেছে। গর্তগুলো পার হওয়ার জন্য এলাকাবাসী চাঁদা দিয়ে পাইপ বসিয়েছে। রাস্তা মেরামতকাজের ঠিকাদারি কোম্পানি আলী অ্যান্ড কোংয়ের প্রধান আরশাদ আলী প্রথম আলোকে বলেন, রাস্তা করতে হলে পানি যাওয়ার নর্দমা করতেই হবে। তাই বেশি গর্ত করা হয়েছে। বর্ষা শেষে পাকা আরসিসি নর্দমা করা হবে। জয়কালীমন্দির, হাটখোলা, স্বামীবাগসহ বেশির ভাগ এলাকার রাস্তায় কয়েক দিন ধরে আবারও টুকরো ইট আর বালু দেওয়া হচ্ছে। ওয়ারীর বাসিন্দা মাসুমা খান প্রথম আলোকে বলেন, চলাচলের রাস্তা তাঁদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে। আপাতত পিচ ঢেলে রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য কর্তৃপক্ষকে বারবার বলেও কোনো ফল হয়নি।