বিল পদ্মায় বেড়া দিয়ে মা-মাছ নিধন
বিল পদ্মা নদীতে বাঁশের বাঁধ দিয়ে অবাধে মা ও ডিমওয়ালা মাছ নিধন করা হচ্ছে। বিলের ইজারাদার ও জেলেরা এ নদীর অন্তত ৬০টি স্থানে বেড়া দিয়ে মাছ নিধন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এভাবে প্রকাশ্যে মাছ ধরলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান চালানো হচ্ছে না। এলাকাবাসী জানান, মাদারীপুরের দক্ষিণ কোন ও শিবচর পৌর এলাকা দিয়ে বিল পদ্মা প্রবাহিত হয়েছে। স্রোত কম থাকায় অনেক মা-মাছ আড়িয়াল খাঁ নদ থেকে এখানে প্রতিবছর বর্ষায় ডিম ছাড়তে আসে। এ সুযোগে স্থানীয় জেলেরা বর্ষার শুরুতেই বাঁশের বেড়া দিয়ে বিল পদ্মায় (ক ও খ বিলে) মাছ নিধন শুরু করে। এর মধ্যে বিল পদ্মায় ‘খ’তে অর্ধশতাধিক ছোট-বড় বাঁধ রয়েছে। একেকটি বাঁধে কয়েক শ বাঁশ গেড়ে মশারি, ছালা বা কারেন্ট জাল পাতা হয়। আর এ বাঁধে মাছ আটকানোর জন্য ফাঁদ (দোয়াইর) ও বড়শি দিয়ে এতে চিংড়ি, রুই, কাতলা, আইড়, পাঙাশ, বোয়াল ও পোনাসহ আটকা পড়ছে।সেখপুরের ফারুক মিয়া বলেন, ‘এই বিলে সাধারণ মানুষগো মাছ ধরার ক্ষমতা নাই। যাগো বেশি টাহা আছে, তারাই বান দিইয়া মাছ ধরে।’মনির হোসেন বলেন, কর্তৃপক্ষকে ম্যানেজ না করে এভাবে নদীতে বাঁধ দিয়ে মাছ ধরা সম্ভব নয়। মনে হয় তাঁদের সঙ্গে কথা বলে অবৈধভাবে মাছ নিধন করছে।বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, মৎস্য বিভাগের লোকজন সব সময় আসা-যাওয়া করেন। তাঁরা দেখেও কিছু বলে না। তাহলে আমাদের কি বলার আছে। বিল পদ্মা ‘খ-এর ইজারাদার জয়নাল সিপাহি বলেন, প্রাকৃতিকভাবে মাছ এই সময় আড়িয়াল খাঁ থেকে বিলে ওঠে। মাছ নামার সময় নদীতে বাঁধ দেওয়া হয়। ব্রিটিশ আমল থেকেই এভাবে চলছে। প্রতি বাঁধবাবদ জেলেরা আমাদের দেড় থেকে দু হাজার টাকা দেয়। এখন এই বাঁধ দিয়ে শুধু চিংড়ি মাছ ধরা হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল মামুন বলেন, ‘বিল পদ্মা ক ও খ বিল দুটি প্রায় সাত লাখ টাকা দিয়ে ইজারা নিয়েছেন দুজন ইজারাদার। এ টাকা তোলার জন্য ইজারাদাররা বিভিন্ন উপায়ে মাছ ধরেন।’ জেলা মৎস্য কর্মকর্তা এ কে এম আমিনুল বলেন, ‘চর দখলের মতো বিল পদ্মায়ও অবৈধ বাঁধ বসেছে। কিন্তু বাঁধ অপসারণের কাজ জেলা বা উপজেলা প্রশাসনের, মৎস্য দপ্তরের নয়।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, আগামী সপ্তাহে মৎস্য কর্মকর্তাদের নিয়ে বিল পদ্মায় অভিযান চালানো হবে।