বিল পরিশোধের পরও বিচ্ছিন্ন হচ্ছে সংযোগ
ঢাকার সাভার পৌর এলাকার বাজার রোডের আহাম্মদ প্লাজায় বোম বোম নামের একটি সেলুনের গত জুলাই মাস পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধ রয়েছে। এর পরও প্রতিষ্ঠানটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কয়েক দফায় আবেদন করেও পুনরায় সংযোগ পাওয়া যায়নি।
শুধু এই সেলুনটিই নয়, বিল পরিশোধ না করার অভিযোগ তুলে আরও সাতটি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সেলুনটির পরিচালক আবদুর রাজ্জাক বলেন, পাঁচ মাস আগে তিনি মালিকপক্ষের কাছ থেকে সেলুনটি ইজারা নিয়ে ব্যবসা করছেন। এরপর থেকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। এর আগেরও কোনো বিল বকেয়া নেই। তার পরও মাস খানেক আগে সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
শরীফ মোহাম্মদ সেলিম নামে আহাম্মদ প্লাজার এক মালিক বলেন, তাঁদের দ্বিতল এই বিপণিবিতানটিতে মোট আটটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের জন্য তাঁদের তিন ভাই ও মায়ের নামে মোট চারটি আলাদা বিদ্যুৎ-সংযোগ রয়েছে। এর মধ্যে বিল বকেয়া রয়েছে একটিতে। আর একটি প্রতিষ্ঠানের বিল বকেয়া থাকার দাবি করা হলেও সেটির কোনো অস্তিত্ব নেই।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে জানা যায়, আহাম্মদ প্লাজার দুটি প্রতিষ্ঠানের একটিতে ২১ মাস এবং অপরটির ১৫ মাসের মোট ৩০ হাজার ৯৮ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সমিতি-৩-এর সহকারী উপমহাব্যবস্থাপক (এজিএম) মাহবুবুর রহমান বলেন, প্লাজার দুটি প্রতিষ্ঠানে দীর্ঘদিনের বকেয়া বিল আদায়ের কৌশল হিসেবে একযোগে সব সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকজন কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী যে গ্রাহকের হিসাব নম্বরের বিপরীতে বিল বকেয়া থাকবে, সেই সংযোগটিই কেবল বিচ্ছিন্ন করা যাবে। একই গ্রাহকের ভিন্ন হিসাব নম্বরের বকেয়া বিল আদায়ের নিয়মিত সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ওয়াহিদুল ইসলাম বলেন, নিয়ম করে তো আর সব বিল আদায় করা যায় না। তাই অনেক সময় অনিয়মও করতে হয়।