বিল পরিশোধে অপারগ, বাংলাদেশিকে ছাড়ছে না সৌদি হাসপাতাল

হাসপাতালের বিল পরিশোধ করতে পারছেন না। তাই হাসপাতালই ঠিকানা সৌদিপ্রবাসী বাংলাদেশি সুমন মিয়ার। সাত মাস আগে এক সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। এর পর থেকে বাকশক্তিহীন অবস্থায় পড়ে আছেন সেখানেই। সুমনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রাণপুর গ্রামে।
সুমন মিয়ার মা মজিরননেছা জানান, গত বছরের ১২ মে সুমন মোটরসাইকেল চালাতে গিয়ে গাড়ি চাপা পড়ে মাথায় আঘাত পান। সৌদি আরবের রাজধানী রিয়াদের আল-ইমান হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসায় কিছুটা সুস্থ তিনি। তবে বর্তমানে বাকশক্তিহীন অবস্থায় রয়েছেন। বিলের টাকা পরিশোধ করতে না পারায় সুমনকে ছাড়ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
মজিরননেছা আরও বলেন, ‘কয়েক মাস ধরে বিভিন্ন লোকের কাছে গিয়েছি সুমনকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে। কিন্তু কোনো উপায় হয়নি।’ সুমনের বাবা কৃষক শাহজাহান ব্যাপারী বলেন, ‘আমি ভূমিহীন। টাকা ধার করে সুমনকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। কেউ সহায়তা না করলে আমার পক্ষে ছেলেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়।’
এ ব্যাপারে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিশেষ সহকারী এ এইচ এম ফোয়াদ জানান, বিষয়টি জেনে তাঁরা সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে সুমনের ব্যাপারে তথ্য চেয়ে পাঠিয়েছেন। খুব শিগগিরই সুমনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তাঁরা আশাবাদী।