বিল পাসের আশ্বাস মনমোহনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি অনুমোদনে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তাঁর সরকার। আর এ লক্ষ্যে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল পাসের উদ্যোগ নেওয়া হবে। খবর বাসস ও ইউএনবির।
ভারত সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল শনিবার মনমোহন সিংয়ের সঙ্গে নয়াদিল্লিতে তাঁর সরকারি বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ করলে ভারতের প্রধানমন্ত্রী এই নিশ্চয়তা দেন।
১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের সে সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ২০১১ সালে বাংলাদেশ সফরকালে মনমোহন সিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে একটি সমাঝোতা স্মারক সই করেন। রাজ্যসভার গত অধিবেশনে এ-সংক্রান্ত বিলটি উত্থাপন করা হয়। তবে তা পাস হয়নি।
তোফায়েল আহমেদ বাসসকে জানান, এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে মনমোহন সিংয়ের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।