বকেয়া বিল পরিশোধ না করায় বরিশাল সিটি করপোরেশনের বেশ কিছু এলাকার সড়কবাতির বিদ্যুৎ-সংযোগ গত বুধবার বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
জানা গেছে, সিটি করপোরেশনের কাছে বিদ্যুৎ বিভাগের ২২ কোটি টাকা বকেয়া পড়েছে। বারবার তাগাদা দেওয়া হলেও এই বিল পরিশোধের কোনো উদ্যোগ নেই। সিটি করপোরেশনের অভিযোগ, বিদ্যুৎ বিভাগ মিটার না দেখে বিল করছে। এ কারণে বিল দেওয়া হয়নি।
সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মো. ওমর ফারুক জানান, প্রতি মাসে নগর ভবন, করপোরেশনের সড়কবাতি, পানির পাম্পসহ অন্যান্য খাতে প্রায় ২০ লাখ টাকা বিদ্যুৎ বিল আসে। ২০০৮ সাল থেকে বিল পরিশোধ না করায় বিদ্যুৎ বিভাগের দুই অঞ্চলে প্রায় ২২ কোটি টাকা বকেয়া পড়েছে।
পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ সংস্থা (ওজোপাডিকো) বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান আলী তালুকদার বলেন, বিল পরিশোধে সিটি করপোরেশনকে প্রথমে মৌখিকভাবে তাগাদা দেওয়া হয়েছে। এরপর দেওয়া হয় নোটিশ। কিন্তু তারপরও বিল পরিশোধ না করায় উকিল নোটিশ পাঠানো হয়। কোনো জবাব না আসায় কয়েকটি স্থানের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে নগরের বটতলা আলমগীর ছাত্রাবাস, জাগুয়া কলেজ-সংলগ্ন দুটি পানির পাম্প, রূপাতলী বাসস্ট্যান্ড ও বটতলা এলাকার সড়কবাতির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব সংযোগ বিচ্ছিন্ন করায় নবগ্রাম সড়ক, রূপাতলী এলাকা এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, ওজোপাডিকো বরিশালের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ সিটি করপোরেশনের কাছে বিদ্যুৎ বিল পাবে ১৩ কোটি টাকা। বাকি নয় কোটি টাকা পাবে বিক্রয় ও বিতরণ বিভাগ-২।
ওজোপাডিকোর-২ বরিশালের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন জানান, তাঁদের অঞ্চলে সিটি করপোরেশনের নয় কোটি টাকার ওপর বিদ্যুৎ বিল বকেয়া। এ কারণে গত সপ্তাহে তাঁদের নিয়ন্ত্রণাধীন কিছু এলাকার সড়কবাতির সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে বিল পরিশোধের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ওই সংযোগ আবার দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত বিল পরিশোধের নাম নেই।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল অভিযোগ করেন, ‘আমরা উকিল নোটিশের জবাব দিচ্ছি। একই সঙ্গে বিল কমিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। সঠিকভাবে বিল করে দিলে আমরা তা পরিশোধ করে দেব।’