বিল বকেয়া তাই বন্ধ অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেনারেল হাসপাতালে সাকল্যে দুটি অ্যাম্বুলেন্স। কিন্তু এই অ্যাম্বুলেন্স দুটিতে এখন তেলের বকেয়া বিল ২০ লাখের বেশি টাকা। তাই পাম্প কর্তৃপক্ষ চলতি মাসের ৫ তারিখ থেকে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতে ২২ দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা।

জেলা সদরের কোমরপুর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. কাওসার হোসেন প্রথম আলোকে বলেন, চুক্তির ভিত্তিতে এই পাম্প থেকে জেনারেল হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সে তেল সরবরাহ করা হয়। প্রতি মাসে আড়াই লাখ থেকে পৌনে তিন লাখ টাকার তেল লাগে। কিন্তু নিয়মিত টাকা না পাওয়ায় ২০ লাখ ৫০ হাজার টাকার বাকি পড়েছে। এত টাকা বাকি বহন করা সম্ভব না হওয়ায় তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

হাসপাতালের কয়েকজন রোগী জানান, জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স পাওয়া গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ করে রোগীকে ঢাকা নেওয়া সম্ভব। কিন্তু একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ভাড়া দিতে হয় চার থেকে পাঁচ হাজার টাকা। তা ছাড়া জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্সে রোগী বহন করার সময় পথে কোনো সমস্যা হলে তার সমাধানের ব্যবস্থা অ্যাম্বুলেন্সের ভেতরেই রয়েছে। এই সুবিধা বেসরকারি অ্যাম্বুলেন্সে পাওয়া যায় না।

ফরিদপুরের সিভিল সার্জন অরুণ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, অ্যাম্বুলেন্সের বার্ষিক খরচের ৬০ ভাগ অ্যাম্বুলেন্স ব্যবহারের মাধ্যমে আয় করার কথা। চলতি বছর এ কোটা পূরণ করা যায়নি। তাই পাম্পে টাকা আটকে গেছে। এ জন্য অ্যাম্বুলেন্স দুটির সেবা বন্ধ রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে জরুরিভাবে যোগাযোগ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যেতে পারে।

তবে ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) গণেশ চন্দ্র আগরওয়ালা দাবি করেন, গুরুতর অসুস্থ রোগীদের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য সীমিত আকারে একটি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছে।