ঠাকুরগাঁওয়ের সদর হাসপাতালের বিদ্যুৎ বিল বকেয়া হয়েছে ৩৭ লাখ টাকা। অস্বাভাবিক বিলের কারণ খুঁজতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগ সম্প্রতি হাসপাতালের আবাসিক ভবনগুলোতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক হিটার অবৈধভাবে ব্যবহারের সন্ধান পায়। হিটারগুলো জব্দ করা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের আবাসিক ভবনগুলোতে বসবাসকারীরা দীর্ঘদিন রান্নার কাজে হিটার ব্যবহার করে আসছেন। ফলে, প্রতি মাসে অস্বাভাবিক বিদ্যুৎ বিল জমা পড়ে। এই বিল নিয়মিতভাবে পরিশোধ করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এভাবে বকেয়া পড়েছে ৩৭ লাখ টাকা।হাসপাতালের এ অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিচলিত হয়ে গত রোববার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু মো. খায়রুল কবীর বিদ্যুৎ বিভাগে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কারণ খুঁজতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগ আবাসিক ভবনগুলোতে অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে হিটার ব্যবহারের বিষয়টি বেরিয়ে আসে। এ সময় ১২টি হিটার জব্দ করে বিদ্যুৎ বিভাগ।ভারপ্রাপ্ত সিভিল সার্জন খায়রুল কবীর বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এত বড় অঙ্কের টাকা বকেয়া হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, হাসপাতালে মাসিক বিদ্যুৎ বিল বরাদ্দ আছে মাত্র সাত হাজার টাকা। কিন্তু হাসপাতালে প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে ৪৫ থেকে ৫০ হাজার টাকা। বরাদ্দ কম হওয়ায় কয়েক বছর থেকে বিদ্যুৎ বিল বকেয়া থেকে যাচ্ছে।