বিল শুকিয়ে মাছ ধরতে নালা কেটে পানিনিষ্কাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজারার শর্ত ভঙ্গ করে মাছ ধরার জন্য মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের ‘চিনাউরা-আগার গ্রুপ’ বিল (জলমহাল) শুকাতে নালা কেটে পানিনিষ্কাশন করা হচ্ছে। এতে মাছের প্রজনন হুমকির মুখে পড়বে বলে সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তারা মনে করছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিনাউরা-আগার গ্রুপ বিলটির আয়তন প্রায় ২৯ একর। উন্নয়ন প্রকল্পের আওতায় ছয় বছরের (১৪১৯-১৪২৪ বাংলা সন) জন্য এটি ইজারা পেতে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের তালতলা প্রগতি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে প্রথম চার বছর বার্ষিক দুই লাখ টাকা এবং পরবর্তী দুই বছর দুই লাখ টাকার ২৫ শতাংশ বর্ধিত রাজস্বমূল্যে এটি ইজারা দেওয়া হয়। ইজারার শর্তাবলিতে ‘বিল সেচে বা শুকিয়ে মাছ নিধন করা যাবে না’ বলে উল্লেখ আছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিলটির এক পাশ দিয়ে জুড়ী নদী বয়ে গেছে। বিল থেকে নদী পর্যন্ত একটি নালা তৈরি করা হয়েছে। ওই নালা দিয়ে বিলের পানি নিষ্কাশিত হচ্ছে। নালায় টেনে রাখা জালে আটকা পড়ছে বিল থেকে বের হওয়া বিভিন্ন জাতের পোনা মাছ। প্রগতি মৎস্যজীবী সমিতির সম্পাদক আলাউদ্দিন মিয়া (৫৫) মাছ ধরার কাজে বিলে ব্যস্ত ছিলেন। আলাপচারিতায় তিনি বলেন, ‘বিলের পানি কমাইবার লাগি (কমানোর জন্য) নালা কাটছি। হুকাই (শুকিয়ে) গেলে বড় মাছ ধরা যাইব (যাবে)।’ ইজারার শর্ত সম্পর্কে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অধিক মুনাফার উদ্দেশ্যে ইজারাদার সমিতির লোকজন এ কাজটি করছে।উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী প্রথম আলোকে জানান, বিল শুকিয়ে মাছ ধরলে ডিমওয়ালা, পোনা—সব মাছ ধ্বংস হয়ে যাবে। তখন মাছের প্রজনন হুমকির মুখে পড়বে।উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদ ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ইজারার শর্তানুযায়ী বিল সেচে বা শুকিয়ে মাছ ধরা নিষিদ্ধ। এ ব্যাপারে খোঁজ নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’