বিল সেচে শিকার দেশি মাছ বিলুপ্তির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় নীতিমালার তোয়াক্কা না করে দুই সপ্তাহ ধরে বিল সেচে মাছ শিকার করা হচ্ছে। এতে মাছ নির্মূল হওয়াসহ জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। পাশাপাশি বোরো জমিতে সেচকাজও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর অনেকে জানান, বছরের এ সময়টাতে বিলের পানি শুকিয়ে আসায় কিছু লোক সেই সুযোগে সেচে মাছ শিকার করেন। ফাল্গুনের প্রথম সপ্তাহ থেকে চৈত্রের মাঝামাঝি পর্যন্ত চলে এভাবে মাছ শিকার। কিন্তু দুই সপ্তাহ ধরে এভাবে মাছ শিকার চলছে।
উপজেলার শিলুন্দিঘা, গুল, চাতলা, কাইজুড়া, সোনামড়ল, চট্টনিয়াসহ এ উপজেলায় অধিকাংশ বিলেই এখন শ্যালো মেশিন দিয়ে পানি সেচে মাছ শিকার করা হচ্ছে।
সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের বাসিন্দা নূর হোসেন বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় অবাধে বিলগুলো একেবারে পানিশূন্য করে মাছ শিকার করা হচ্ছে।
বেসরকারি সংস্থা বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা মাকসুদা বেগম বলেন, বিলের পানি একেবারে সেচে নিঃশেষ করে মাছ শিকার করায় হাওর এলাকার বিভিন্ন জলজ উদ্ভিদ দিন দিন কমে যাচ্ছে। একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির বহু মাছ। ইউএনও মোহামঞ্চদ খালেদুর রহমান বলেন, ‘বিলের তলা শুকিয়ে এভাবে মাছ শিকার অবৈধ। যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’