বিলকাঠামো নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বিইআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিলে সকল পর্যায়ে সর্বনিম্ন ধাপের (স্লাব) সুবিধা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে বিদ্যুতের দাম কোন পর্যায়ে কত বাড়বে, বিলের কয়টি ধাপ হবে, এর কিছুই গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঠিক হয়নি। দেশজুড়ে অস্বাভাবিক রকম উঁচু হারের বিদ্যুৎ বিলের কারণে স্লাব পুনর্বিন্যাসের বিষয়টি আলোচনায় উঠে আসে।সরকারি সূত্র জানায়, বিষয়টি সম্পর্কে বিইআরসি ভাবছে এক রকম। মন্ত্রণালয় থেকে চাপ দেওয়া হচ্ছে অন্য রকম করার জন্য। এ অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার আগে নিয়ন্ত্রক সংস্থাটি আরেকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ নিতে চাইছে। কয়েক দিন আগেও বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী তাঁদের পরামর্শ দিয়েছেন।বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন গতকাল সাংবাদিকদের বলেছেন, আবাসিক গ্রাহকদের বিলে কয়টি ধাপ থাকবে, কোন ধাপে দাম কত হবে, এর কিছুই এখনো চূড়ান্ত হয়নি। কয়েকটি বিকল্প প্রস্তাব নিয়ে কাজ করা হচ্ছে।একদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সহনীয় রাখা, অন্যদিকে পিডিবির লোকসান কমানো ও বিতরণ সংস্থাগুলোর আয় বাড়ানোর মধ্যে সামঞ্জস্য রক্ষা করা বিইআরসির সামনে চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। তার ওপর রয়েছে মন্ত্রণালয়ের চাপ।বিইআরসির একাধিক সূত্র জানায়, তারা এখন মূলত দুটি বিকল্প প্রস্তাব নিয়ে কাজ করছে। প্রথমত, আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ৩০০ ইউনিট তিনটি ধাপ করে এর মধ্যেই সর্বনিম্ন ধাপের সুবিধা বিদ্যমান রাখা। এই তিনটি ধাপ হবে: সর্বোচ্চ ৭৫ ইউনিট পর্যন্ত, ৭৬ থেকে ২০০ এবং ২০১ থেকে ৩০০ ইউনিট। এর চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে সর্বনিম্ন ধাপের সুবিধা থাকবে না। দ্বিতীয়ত, সবগুলো ধাপের ক্ষেত্রেই নিম্নতম ধাপের সুবিধা রাখা। জানা গেছে, কমিশন ও কর্মকর্তাসহ বিইআরসির প্রায় সবাই দ্বিতীয় প্রস্তাবের পক্ষে। তাঁরা মনে করেন, সব ক্ষেত্রেই নিম্নতম ধাপের সুবিধা থাকলে বিদ্যুতের বিল নিয়ে চলমান বিশৃঙ্খলা থাকবে না। অন্যথায় আবারও ওই রকম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তা ছাড়া বিদ্যুতের দাম যখন বাড়ানো হচ্ছে, তখন আর নিম্নতম ধাপের সুবিধা না রাখার যুক্তি নেই।