রাজধানীর কলাবাগান থানা এলাকায় তিন বছরের শিশু লাবণ্যকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণী বিলকিস খাতুনকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।কলাবাগান থানার পুলিশ জানায়, আহত তাসকিয়া মুনতাহা লাবণ্যকে চিকিৎসা শেষে ক্রিসেন্ট রোডের বাসায় না নিয়ে অন্যত্র এক আত্মীয়ের বাসায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য লাবণ্যর বাবা আবদুল মতিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মতিন ও বিলকিসের মুঠোফোন ব্যবহারের প্রমাণাদি পুলিশ সংগ্রহ করছে।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মামলার আসামি হিসেবে গতকাল বিলকিসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে মতিনের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। কিন্তু মতিন আত্মগোপন করায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।গত সোমবার সকালে প্রেমিক আবদুল মতিনের ওপর ক্ষুব্ধ হয়ে বাসায় ঢুকে লাবণ্যকে হত্যার চেষ্টা করেন বিলকিস। একপর্যায়ে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় বিলকিসকে আসামি করে মামলা হয়।