বিলকুড়ালিয়া মুক্ত দিবস উদ্যাপন
পাবনার চাটমোহর উপজেলায় গতকাল মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে ২১তম বিলকুড়ালিয়া মুক্ত দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে বিল অঞ্চলের শত শত ভূমিহীন নারী-পুরুষ অংশ নেন।
স্থানীয় সূত্র জানান, দিবসটি উদ্যাপন উপলক্ষে বেলা ১১টায় বিলপাড়ের বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষ লাঠি, ফালা, সরকি, রাম দা, বঁটি, কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিলে আসেন। তাঁরা বিলে এসব অস্ত্রের মহড়া দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলায় মেতে ওঠেন। পরে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ভূমিহীন নেতা ময়েন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভূমিহীন উন্নয়ন সংস্থা ল্যান্ডলেস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এলডিও) নির্বাহী পরিচালক আতাউর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর নুরে আলম প্রমুখ।
আতাউর রহমান বলেন, ‘বিলের খাস জমির অধিকার শুধু বিলপাড়ের ভূমিহীনদেরই রয়েছে। জোতদারদের মামলা-হামলা উপেক্ষা করে আমরা সেই অধিকারই বাস্তবায়নের চেষ্টা করছি।’
ময়েন উদ্দিন বলেন, ‘বহু হামলা-মামলার পর আমরা অধিকার আদায় করতে যাচ্ছি। সবাই একসঙ্গে আছি বলে এটা সম্ভব হচ্ছে।’