বিলখেলাপি দুই নারী প্রার্থীর আপিল বাতিল
টেলিফোন বিলখেলাপির অভিযোগে জাতীয় সংসদের নারী আসনের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই প্রার্থীর আপিল বাতিল করেছে নির্বাচন কমিশন। তাঁরা হলেন ক্ষমতাসীন দলের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হক।
১১ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আরা ও সাবিহা নাহারের মনোনয়নপত্র বাতিল করেন। এরপর দুই প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আজ রোববার বিকেলে শুনানি শেষে কমিশন তাঁদের আপিল নামঞ্জুর করে।
আপিল শুনানি শেষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারকসহ অন্য কমিশনারদের উপস্থিতিতে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়। সাবিহা নাহারের কাছে টেলিফোন বিল বাবদ বিটিসিএলের পাওনা ছিল ১১ হাজার ৩৩৫ টাকা। আর খোরশেদ আরার বকেয়া বিলের পরিমাণ ছিল দুই লাখ ২৩ হাজার টাকা।
নির্বাচনী আইন অনুযায়ী, কোনো ব্যক্তি মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্ববর্তী সাত দিনের আগে বকেয়া বিল পরিশোধে ব্যর্থ হলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। দুজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এ দুটি আসনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করতে হবে।