প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিফোন বিল খেলাপের অভিযোগে দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দুই প্রার্থী—আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হকের আপিল বাতিল করেছে নির্বাচন কমিশন।
১১ মার্চ সংরক্ষিত আসনের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে খোরশেদ আরা ও সাবিহা নাহারের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা দুজন নির্বাচন কমিশনে আপিল করেন। গতকাল রোববার বিকেলে শুনানি শেষে কমিশন তাঁদের আপিল নামঞ্জুর করে।
আপিল শুনানি শেষে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবারকসহ অন্য কমিশনারদের উপস্থিতিতে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়। সাবিহা নাহারের কাছে টেলিফোন বিল বাবদ বিটিসিএলের পাওনা ছিল ১১ হাজার ৩৩৫ টাকা। খোরশেদ আরার বকেয়া বিলের পরিমাণ ছিল দুই লাখ ২৩ হাজার টাকা।