বিলটি সংসদে উত্থাপন হলে বিরোধিতা করবেন মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শ্রমিকদের নির্যাতনমূলক কোনো আইন পাস করবে না সংসদ। আইন তৈরি করা হয় জনগণের সুবিধার জন্য, জনগণের কল্যাণের জন্য। কাউকে নির্যাতন করার জন্য কোনো আইন করা হয় না। আজ শনিবার ফরিদপুরে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বেলা ১১টার দিকে শহরের গোয়ালচামট এলাকার পৌর বাসস্ট্যান্ডে ‘শ্রমিকদের মৃত্যুকালীন অনুদান পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর উপলক্ষে’ এ সমাবেশের আয়োজন করে ফরিদপুর জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়ন। সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির।
মন্ত্রীর উদ্দেশে জুবায়ের জাকির বলেন, মন্ত্রিপরিষদে সম্প্রতি সড়ক পরিবহন আইন ২০১৭-এর সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। ওই সংশোধনীতে দুর্ঘটনায় মৃত্যুর কারণে শ্রমিকদের পাঁচ হাজার থেকে তিন লাখ টাকা জরিমানা বা তিন বছর থেকে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
‘দুর্ঘটনা কেউ ইচ্ছে করে করে না’ মন্তব্য করে জুবায়ের জাকির বলেন, ‘ডাক্তারদের হাতে কোনো রোগীর মৃত্যু হলে সেই ডাক্তারের কোনো সাজা হয় না বা তাঁকে কোনো জবাবদিহি করতে হয় না। কারণ, ডাক্তার আগে থেকেই রোগীর স্বজনদের কাছ থেকে বন্ড সই নিয়ে নেন। সরকার যে আইন পাস করার উদ্যোগ নিয়েছে, তা পাস হলে আমাদেরও বাসে যাত্রীদের ওঠানোর আগে তাদের কাছ থেকে বন্ড সই নেওয়ার প্রয়োজন হবে।’
এ বক্তব্য নাকচ করে দিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নিজের গাঁটের টাকা খরচ করে দস্তখত দিয়ে কোনো যাত্রী বাসে উঠবে না। আপনারা বেসামাল হয়ে গাড়ি চালাবেন না। দুর্ঘটনা ইচ্ছাকৃতভাবে কেউ করে না সত্য, পাশাপাশি এটাও খেয়াল রাখবেন, আপনাদের দ্বারা রাস্তাঘাটে কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়।’ সাবধানতা অবলম্বন করলে দুর্ঘটনা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
প্রস্তাবিত আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইন কঠোর না হলে ভয় থাকে না। আইন প্রণয়ন করা আর প্রয়োগ করা এক কথা নয়। কোনো সরকারই শ্রমিকদের নির্যাতনমূলক কোনো আইন করতে চায় না। ‘এ আইন যেদিন সংসদে উত্থাপন করা হবে, সেদিন আমি প্রথম এর বিরোধিতা করব’ মন্তব্য করে খন্দকার মোশাররফ শ্রমিকদের অভয় দিয়ে বলেন, ‘আপনারা নিশ্চিত থাকুন, শ্রমিকদের নির্যাতনমূলক কোনো আইন করবে না শেখ হাসিনার সরকার।’
‘পদ্মা নামে ফরিদপুর বিভাগ হচ্ছে’ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘গত পরশু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, পদ্মা নামে হচ্ছে ফরিদপুর বিভাগ। যেহেতু আপনারা পদ্মাপারের লোক। প্রধানমন্ত্রীকে আমি বলেছি, আপনি যে নামে ডাকেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে কোনো অবস্থাতেই “মধুমতী” নামে ডাইকেন না, মধুমতী নাম শুনলে আমাদের বুক কাঁপে, তাতে বিভাগীয় হেডকোয়ার্টার গোপালগঞ্জে হওয়ার সম্ভাবনা দেখা দেয়। ফরিদপুর বিভাগের নাম পদ্মা বা কুমার যে নামেই হোক না কেন, হেডকোয়ার্টার ফরিদপুরেই হতে হবে।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন ওরফে বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতি চৌধুরী বকরত ইবনে সালাম, আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম আজাদ, ভাঙ্গা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফায়জুর রহমান, জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম নাসির প্রমুখ।
মারা গেছেন এমন ৩০টি শ্রমিক পরিবারের স্বজনদের হাতে ১৫ লাখ টাকা (প্রতি পরিবার ৫০ হাজার করে) তুলে দেন স্থানীয় সরকারমন্ত্রী।