নাটোরের গুরুদাসপুরে জলাবদ্ধতা আর বন্যার পানিতে ডুবে থাকা বিলবিয়াসপুর বিলের ৩০০ হেক্টর জমি তিন ফসলি জমি হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। গুরুদাসপুর উপজেলার বিলবিয়াসপুরে গুমানী নদীর সংযোগ নালায় জলকপাট নির্মাণ করায় এই সম্ভাবনা দেখা দিয়েছে। এ জন্য জলকপাটটির সামনের পানি নিষ্কাশন নালাটি সংস্কার হওয়া জরুরি বলে এলাকাবাসী জানিয়েছে।
উপজেলার মশিন্দা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, বিলটিতে জলাবদ্ধতার এ সমস্যা সমাধানের জন্য ভুক্তভোগী শতাধিক কৃষক তাঁর কাছে গুমানী নদীর সঙ্গে সংযোগকারী নালায় জলকপাট নির্মাণের দাবি জানান। সে অনুযায়ী তিনি স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের মাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে জলকপাট নির্মাণের আবেদন করেন। বিএডিসি পানাসী প্রকল্পের অধীনে প্রায় ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়। তা দিয়েই জলকপাটটি নির্মাণ করা হলো।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, জলকপাটটি নির্মাণ হয়ে গেছে। তবে জলকপাটের সামনে পানি নিষ্কাশনের নালাটি ভরাট হয়ে রয়েছে। এলাকাবাসী জানায়, এটি সংস্কার না গেলে জলকপাটটি কাজে আসবে না।
পানাসী কার্যালয় সূত্রে জানা গেছে, পাবনার চাটমোহর উপজেলার স্থল ও দিঘল মৌজা, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর মৌজার দক্ষিণ-পূর্ব অঞ্চল ও গুরুদাসপুর উপজেলার মশিন্দা মৌজা নিয়ে গঠিত হয়েছে বিলবিয়াসপুর। বিলটির আয়তন ৩০০ হেক্টর।
বিল এলাকার ২০ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বহু বছর ধরেই বিলে জলাবদ্ধতা স্থায়ী হয়ে ছিল। ফলে বিলের জমিতে কখনোই তিনটি ফসল ফলানো সম্ভব হতো না।
পানাসী প্রকল্পের সহকারী প্রকৌশলী (গুরুদাসপুর জোন) দীন মোহাম্মদ বলেন, সামনে বর্ষা মৌসুম থেকে জলকপাটের সুফল ভোগ করবেন কৃষক। তখন প্রয়োজনমতো পানি ঢুকিয়ে বা বের করে অতিরিক্ত ফসল ফলাতে পারবেন কৃষকেরা। এতে অতিরিক্ত দেড় হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদিত হবে।