বিলবোর্ড অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলবোর্ড অপসারণের পরে গতকাল বিবির পুকুর l প্রথম আলো
বিলবোর্ড অপসারণের পরে গতকাল বিবির পুকুর l প্রথম আলো

অবশেষে বিলবোর্ডমুক্ত হলো বরিশাল নগরের বিনোদন স্থানগুলো। বিবির পুকুরের চারদিকে স্থাপন করা বিলবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে মুক্ত হয়েছে নগরের একমাত্র অনুষ্ঠান আয়োজনস্থল অশ্বিনীকুমার হল।
বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে বিলবোর্ড অপসারণ শুরু হয়। এ সময় বিভিন্ন ব্যক্তিকে নিজ উদ্যোগে বিলবোর্ড সরিয়ে নিতে দেখা গেছে।
গত দুর্গাপূজা এবং ঈদ উপলক্ষে বিশাল আকারের বিলবোর্ড দিয়ে ঢেকে দেওয়া হয় নগরের সৌন্দর্য। এতে নগরের মূল দর্শনীয় স্থান বিবির পুকুর, অশ্বিনীকুমার হল, রাজা বাহাদুর সড়ক, নৌবন্দর, জেলখানার মোড়, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, রূপাতলী বাসস্ট্যান্ড এলাকার সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস বলেন, গতকাল বিবির পুকুর ও অশ্বিনীকুমার হলের সামনে থেকে সব বিলবোর্ড অবসারণ করা হয়েছে। দু-এক দিনের মধ্যে নগরের অন্যান্য স্থানের বিলবোর্ডও অপসারণ করা হবে।
বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বিলবোর্ড অপসারণ করায় সিটি করপোরেশন এবং নেতাদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যেন এসব দর্শনীয় স্থান ঢাকা না পড়ে, সেদিকে নজর দেওয়ার জন্য অনুরোধ জানাব।’
‘শুভেচ্ছা বিলবোর্ডে সৌন্দর্য ঢাকা’ শিরোনামে গতকাল প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন ছাপা হয়।