বিলবোর্ড উচ্ছেদ বাধাগ্রস্ত

চট্টগ্রাম সিটি করপোরেশন গতকাল সোমবার নগর পুলিশের সহায়তায় নগরের বারিক বিল্ডিং মোড় ও নিমতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে চারটি বিলবোর্ড ও তিনটি খুঁটি অপসারণ করেছে। তবে বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানের রিট, এর কর্মকর্তাদের হুমকি এবং বড় ক্রেনের অভাবে অভিযান বাধাগ্রস্ত হয়েছে বলে জানান সিটি করপোরেশনের কর্মকর্তারা।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযানে চালিয়ে বারিক বিল্ডিং মোড়ের ফুটপাত থেকে তিনটি খুঁটি ও সড়ক বিভাজক থেকে একটি বিলবোর্ড এবং দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিমতলা মোড়ের ফুটপাত থেকে তিনটি বিলবোর্ড অপসারণ করা হয়।
নিমতলা মোড়ে অভিযান চলাকালে বেলা দুইটার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে আসেন নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিলবোর্ড উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। কোনো এলাকায় অভিযানের পরেও অবৈধ বিলবোর্ড থাকলে পুনরায় অভিযান চালানো হবে।
সরেজমিনে দেখা যায়, পুলিশ কমিশনার চলে যাওয়ার পর সিটি করপোরেশনের লোকজন নিমতলায় অবস্থিত বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের সামনের ফুটপাত থেকে অ্যাডফ্রেম ও চারুকারু অ্যাডভার্টাইজিংয়ের একটি করে দুটি বিলবোর্ড অপসারণের প্রস্তুতি নেন। এর মধ্যে অ্যাডফ্রেমের মালিক চট্টগ্রাম নগর শাখা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশাদুল আলম ওরফে বাচ্চু এবং চারুকারুর মালিক মোহাম্মদ হোসেন।
এসব বিলবোর্ড অপসারণে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে দাবি করে সিটি করপোরেশন ও পুলিশ কর্মকর্তাদের কাছে রিটের কাগজপত্র উত্থাপন করেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা। শেষ পর্যন্ত এই দুটি বিলবোর্ড অপসারণ করা হয়নি।
অ্যাডফ্রেমের মালিক আরশাদুল আলম গত বছরের ২৩ নভেম্বর বিলবোর্ড উচ্ছেদে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত ৩০ নভেম্বর বিলবোর্ড উচ্ছেদে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন।
পরে মোড়ের উত্তর পাশের ফুটপাতে অবস্থিত নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদের নিয়ন্ত্রণাধীন ইউরেনাসের একটি বিলবোর্ড উচ্ছেদ করতে গেলে করপোরেশনের ৭ নং সার্কেলের কর কর্মকর্তা জানে আলমকে হুমকি দেন প্রতিষ্ঠানের কর্মকর্তা খুরশীদ আলম।
করপোরেশনের কর কর্মকর্তা জানে আলম বলেন, ফুটপাতে অবৈধভাবে বিলবোর্ড স্থাপন এবং কর না দেওয়ায় সেগুলো উচ্ছেদ করা হয়েছে। আর বড় ক্রেন না থাকায় নিমতলা মোড় থেকে একটি বিলবোর্ড অপসারণ করা সম্ভব হয়নি।