বিলবোর্ড উচ্ছেদে আজ থেকে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় স্থাপন করা সব ধরনের অবৈধ বিলবোর্ড আজ বৃহস্পতিবার থেকে উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির মেয়র আনিসুল হক। তবে উচ্ছেদ চালালেও ১০ অক্টোবরের পর সব অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে সংশ্লিষ্ট মালিকদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
গতকাল গুলশানের নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, ডিএনসিসির সব বৈধ বিলবোর্ডের মেয়াদ গত ৩০ জুন শেষ হয়েছে। এরপর ব্যবসায়ীদের তিন মাস সময় দেওয়া হলেও তাঁদের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। কিন্তু উচ্ছেদ কার্যক্রম শুরুর পর তাঁদের অনুরোধে আবার সময় বাড়ানো হয়। এরপরও বিষয়টির সুরাহা না হওয়ায় গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর পাঁচটি জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিলবোর্ড অপসারণের জন্য বিলবোর্ড ও ভবনমালিকদের প্রতি আহ্বান জানানো হয়।
মেয়র বলেন, ‘এত কিছুর পরও এ বিষয়ে কার্যকর কোনো সমাধান না আসায় আবার উচ্ছেদ অভিযানে নামতে হচ্ছে। পয়লা অক্টোবর থেকে ডিএনসিসি উচ্ছেদ কার্যক্রম শুরু করবে। যে যাঁর বিলবোর্ড নিজ উদ্যোগে অপসারণ করুন। আমরা চাই না আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হন। আমাদের উচ্ছেদ এবং বিলবোর্ড মালিক ও বাড়ির মালিকদের নিজ উদ্যোগে বিলবোর্ড সরিয়ে নেওয়ার কার্যক্রম সমান্তরালভাবে চলবে।’ ব্যবসায়ীদের উদ্দেশে মেয়র বলেন, ‘এ ক্ষেত্রে আমরা আপনাদের সবাইকে ১০ অক্টোবর পর্যন্ত সময় দিতে চাই। এরপর থেকে যে বিলবোর্ড পাওয়া যাবে তার মালিক কিংবা বাড়ির মালিকদের বিরুদ্ধে মামলা, জরিমানাসহ বিভিন্ন আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।’ এ ছাড়া ওই সব ব্যবসায়ীকে কালো তালিকাভুক্ত করে ভবিষ্যতে বিলবোর্ড ব্যবসায় কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।