বিলবোর্ড উচ্ছেদে গেলেই 'অনুমোদন' আছে দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় গেলেও সেখান থেকে কোনো অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিটি করপোরেশনের কর্মীরা একটি বিলবোর্ড উচ্ছেদের প্রস্তুতি নিলেও এর অনুমোদন রয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানটির লোকজন। পরে লালদীঘি এলাকায় চলে যান করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা-কর্মচারীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘বিলবোর্ডটির পাশে তার ছিল। তাই দুর্ঘটনা এড়ানোর জন্য উচ্ছেদ করা হয়নি। বিদ্যুৎ বিভাগের লোকজনের সঙ্গে আলোচনা করে বিলবোর্ডটি অপসারণে ব্যবস্থা নেওয়া হবে।’
লালদীঘি এলাকায় একটি বিলবোর্ড উচ্ছেদের প্রস্তুতি নিলে এরও অনুমোদন রয়েছে বলে কাগজপত্র নিয়ে হাজির হন এস আর অ্যাড পাবলিসিটির আনোয়ার হোসেন। তিনি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা শামসুল ইসলামকে বলেন, ‘বিলবোর্ডেরই অনুমোদন রয়েছে। এ জন্য করপোরেশনকে গত সেপ্টেম্বর মাসে কর দিয়েছি।’ তবে রাজস্ব কর্মকর্তা জানান, বিলবোর্ডের অনুমোদন নেই।
গতকাল তিনটি বিলবোর্ড ও ১৫টি সাইনবোর্ড অপসারণ করা হয়। অভিযানে এস আর অ্যাড পাবলিসিটিকে ২০ হাজার টাকা, এ বি করপোরেশনকে ১০ হাজার টাকা ও ত্রিমাত্রিক অ্যাডকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।