বিলবোর্ড থেকে ব্যানার সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন বিলবোর্ড থেকে নির্বাচনী প্রচারণাসংক্রান্ত ডিজিটাল ব্যানার সরিয়ে ফেলতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। গতকাল বুধবার বিকেলে এ নির্দেশ দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কর্তব্যরত থানা নির্বাচন কর্মকর্তা সাদিকা সুলতানা জানান, এক মেয়র প্রার্থী অভিযোগ করেছেন বিভিন্ন বিলবোর্ডে কোনো কোনো প্রার্থীর নামে ডিজিটাল ব্যানার ঝুলছে। এরই পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এসব বিলবোর্ড সরিয়ে ফেলতে বলেন।
এদিকে, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জুনাব আলী প্রচারণায় বাধা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনারকে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে বলে জানান সাদিকা সুলতানা।
জালালাবাদ ওয়ার্ডে গত শনিবার বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম ও কাউন্সিলর প্রার্থী জুনাব আলীর ক্যাম্পে হামলা চালানো হয়।