বিলবোর্ড নামাতে গিয়ে পা হারালেন একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের আঁধারে অবৈধ বিলবোর্ড নামাতে গিয়ে পা হারিয়েছেন তুষার সিংহ (৩৪) নামের এক শ্রমিক।
গত বুধবার গভীর রাতে চট্টগ্রাম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত তুষারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তুষার চট্টগ্রাম নগরের আমবাগান এলাকার ইমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁর গ্রামের বাড়ি নগরের কর্ণফুলী থানায়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য ফরহাদ জানান, গত বুধবার গভীর রাতে গুরুতর আহত অবস্থায় কয়েকজন লোক তুষারকে হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে চিকিৎসাধীন তুষার সিংহ প্রথম আলোকে বলেন, ‘ম্যাজিস্ট্রেট নগরের অবৈধ বিলবোর্ড চিহ্নিত করে দিয়েছেন। বুধবার রাতে আমরা চার-পাঁচজন চট্টগ্রাম কলেজের সামনে থেকে একটি বিলবোর্ড কাটতে যাই। ক্রেন থেকে বিলবোর্ড নিচে পড়ে গেলে তার নিচে আমি চাপা পড়ি। গুরুতর আঘাত পাওয়ায় ডান পা কেটে ফেলতে হয়েছে।’