বিলবোর্ডমুক্ত হচ্ছে ডিএনসিসি নীতিমালা প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব বিলবোর্ড অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন ‘বিলবোর্ড নীতিমালা’ প্রণয়নের কাজ চলছে। এদিকে বিলবোর্ড ব্যবসায়ীদের দাবি, এভাবে উচ্ছেদ করে সিটি করপোরেশন বিলবোর্ড ব্যবসাকে ধ্বংস করে দিয়েছে।
রাজধানীর বিলবোর্ডগুলোর মধ্যে ইউনিপোল (একটি খাম্বার ওপর নির্মিত) বিলবোর্ড যেমন আছে, তেমনি বাসার ছাদে কয়েকটি খাম্বার সমন্বয়ে স্থাপন করা বিলবোর্ডও আছে। ডিএনসিসি সূত্রে জানা যায়, সড়কে ও বাসার ছাদে থাকা বিলবোর্ড অপসারণে কয়েক দফা সময় দেওয়া হলেও বিলবোর্ড ব্যবসায়ী ও বাড়ির মালিকেরা কোনো ব্যবস্থা নেননি। ফলে ডিএনসিসি নিজ উদ্যোগে বিলবোর্ড অপসারণ শুরু করেছে।
ডিএনসিসির বিউটিফিকেশন সেলের দায়িত্বে থাকা ক্যাপ্টেন বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ডিসেম্বরের মধ্যে ডিএনসিসি এলাকা বিলবোর্ডমুক্ত হবে। প্রতি রাতে উচ্ছেদ অভিযান চলছে। উচ্ছেদের পাশাপাশি মালিকদের বিলবোর্ড তুলে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। নিজেরা না সরানোয় ইতিমধ্যে ছয়জন বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করেছে ডিএনসিসি।
ডিএনসিসির হিসাবে বৈধ বিলবোর্ডের সংখ্যা ছিল ১ হাজার ৯১১টি। বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠন আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে বৈধ-অবৈধ বিলবোর্ডের পরিসংখ্যান নেই।
বিলবোর্ড ব্যবসায়ীদের প্রতিবছর সিটি করপোরেশনের কাছ থেকে অনুমোদন নিতে হয়। এ বছরের ৩১ জুন মেয়াদ শেষ হওয়ার পরে ঢাকার দুই সিটি করপোরেশনই বিলবোর্ডের মেয়াদ নবায়ন করেনি। ফলে রাজধানীর সব বিলবোর্ডই আইনগতভাবে অবৈধ হয়ে গেছে।
গত ১ জুলাই উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বাংলাদেশ আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এক মতবিনিময় সভায় ৩১ জুলাইয়ের মধ্যে সব অবৈধ বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু ব্যবসায়ীরা এই সময়ের মধ্যে বিলবোর্ড সরানোর কোনো উদ্যোগ নেননি। ডিএনসিসি নতুন করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়।
গত ৪ অক্টোবর আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন স্ব-উদ্যোগে বিলবোর্ড অপসারণ বিষয়ে মেয়র বরাবর একটি চিঠি দেয়। তাতে বলা হয়, ব্যবসায়ীরা স্ব-উদ্যোগে কারওয়ান বাজার, বিজয় সরণি, মহাখালী, কাকলী, বনানী, বাড্ডা এলাকা থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মোট ২৪৯টি ইউনিপোল বিলবোর্ড অপসারণ করেছেন।
আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রাশেদ প্রথম আলোকে বলেন, ‘বৈধ বিলবোর্ডগুলো নবায়ন করা হয়নি। এখন এক কথায় সব বিলবোর্ড অপসারণ করা হচ্ছে। এই ব্যবসায়ের সঙ্গে বহু মানুষ জড়িত। সবাই পথে বসে গেছে।’
জনগণের নিরাপত্তার জন্য ইউনিপোলগুলোকে বেশি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেগুলো আগে অপসারণ করা শুরু করে ডিএনসিসি। এখন সব ধরনের বিলবোর্ড উচ্ছেদ করছে ডিএনসিসি। তবে রাজধানীর কিছু জায়গায় এখনো বিলবোর্ড দেখা যাচ্ছে। ডিএনসিসি বলছে, যেসব জায়গায় এখনো বিলবোর্ড দেখা যাচ্ছে, সেগুলোও আগামী কয়েক দিনের মধ্যে থাকবে না।
ডিএনসিসি সূত্রে জানা যায়, রাজধানীর কোন রাস্তায়, কী ধরনের, কতটি বিলবোর্ড স্থাপন করা যাবে, তার সুনির্দিষ্ট একটি নীতিমালা ও পরিকল্পনা তৈরির লক্ষ্যে নগর পরিকল্পনাবিদ, স্থপতি, পরিবেশবিদ, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধি, বাংলাদেশ আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে ডিএনসিসির বিউটিফিকেশন সেলের কর্মকর্তা বিপন কুমার সাহা বলেন, বিলবোর্ড নীতিমালার খসড়া প্রণয়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। ডিসেম্বরের মধ্যে নীতিমালা প্রণয়ন করতে চেষ্টা করা হচ্ছে। নীতিমালা হয়ে গেলে এর ভিত্তিতে ঠিক হবে কোথায় বিলবোর্ড বসবে।