
আওয়ামী লীগের বিলবোর্ডে ঢাকা পড়ে আছে অশ্বিনীকুমার হল। এতে সমস্যায় পড়েছে হলকেন্দ্রিক আয়োজকেরা। বাইরে থেকে দেখা না যাওয়ায় অনেকে অনুষ্ঠান আয়োজন করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।
বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘অশ্বিনীকুমার হলটি দলমত-নির্বিশেষে নাগরিকদের মিলনস্থান। নগরে অন্য কোনো মিলনায়তন না থাকায় সব ধরনের অনুষ্ঠানের জন্য এটার ওপরই নির্ভর করতে হয়। ক্ষমতার দাপটে প্রায়ই এই হলটি ঢেকে যায়। রাজনৈতিক দলের কাছে অনুরোধ জানাব, তারা যেন ক্ষমতার আবরণে আমাদের ঐতিহ্যকে ঢেকে না দেয়।’
২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শন্তি দাস বলেন, ‘বরিশালের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচি পালনের একমাত্র স্থাপনা অশ্বিনীকুমার হল। সেই হল ঢেকে বিলবোর্ড স্থাপন করা সঠিক হয়নি। বর্তমানে হলে একটি মেলা চলছে। কিন্তু বিলবোর্ডের কারণে বাইর থেকে বোঝা যাচ্ছে না। আওয়ামী লীগ ইচ্ছে করলে বোর্ডটি অন্য কোনো স্থানে দিতে পারত। আমরা বোর্ড সরানোর জন্য অনুরোধ জানাব।’
মঙ্গলবার অশ্বিনীকুমার হলে গিয়ে দেখা গেছে, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে সপ্তাহব্যাপী মেলা চলছে। মেলায় ক্রেতা-দর্শক নেই। কারণ জানতে চাইলে আয়োজকেরা জানান, হলের সামনে বিলবোর্ড থাকায় সাজসজ্জা করা সম্ভব হয়নি। মেলা শুরু হলেও মানুষ বুঝতে পারছে না হলের ভেতরে মেলা চলছে।
নাম প্রকাশ না করার শর্তে আয়োজকদের একজন বলেন, মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। তাঁকে অনুরোধ করা হয়েছিল বোর্ডটি সরিয়ে নেওয়ার জন্য।
সাংসদ তালুকদার মো. ইউনুস বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সময় ওই বোর্ডটি স্থাপন করা হয়েছিল। আলোচনা করে ওটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একটি অংশ জানান, জেলা আওয়ামী লীগের নামে হলেও বিলবোর্ড স্থাপন করেছেন জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতার ছেলে। তিনি ওই বিলবোর্ড না সরালে অন্য কারও পক্ষে সরানো কঠিন হবে।
অশ্বিনীকুমার হলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস বলেন, অশ্বিনীকুমার হল ঢেকে বিলবোর্ড দেওয়া সঠিক হয়নি। ব্যানার, বিলবোর্ড স্থাপনের আগে রাজনৈতিক দলের একটু চিন্তা করা উচিত ছিল। শিগগিরই বিলবোর্ড সরানোর জন্য উদ্যোগ নেওয়া হবে।