আগামী সেপ্টেম্বর মাস থেকে বিলবোর্ড অপসারণে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিলবোর্ড আজকে বাংলাদেশে একটা নতুন দুর্ভোগ। এটা নতুন একটা বিরক্তির ব্যাপার।
গতকাল শনিবার সকালে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘ব্যাঙের ছাতার মতো এসব বিলবোর্ড গজিয়ে উঠছে। এই অবৈধ ও অপ্রয়োজনীয় বিলবোর্ডে নেতার ছবি, নেতার সঙ্গে পাতিনেতা, উপনেতা, সিকি নেতা—সবার ছবি আছে।’ তিনি বলেন, এসব বিলবোর্ডে আছে অনেক চাঁদাবাজেরও ছবি। নেতাদের খুশি করতে চাঁদাবাজেরাও এসব বিলবোর্ডে নিজেদের ছবি দেয়।
সেতুমন্ত্রী দাবি করেন, ঢাকা-গাজীপুর সড়ক যেকোনো সময়ের চেয়ে ভালো এবং সারা দেশে সড়ক-মহাসড়কের অবস্থাও ভালো। জয়দেবপুর-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ প্রায় সমাপ্তির পথে। সাম্প্রতিক কালে বর্ষা-বৃষ্টিতে কিছু কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো অবস্থাতেই জনগণের দুর্ভোগ, ভোগান্তি হতে দেওয়া যাবে না। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
সেতুমন্ত্রী বলেন, এবার ঈদে আরও ৫০৬টি বিআরটিসি বাস স্পেশাল সার্ভিসে যুক্ত করা হয়েছে এবং ৫৫টি রাখা হয়েছে আপত্কালীন সমস্যার জন্য। ঈদ সামনে রেখে তিনি চাঁদাবাজির কিছু অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে সরকারের মনোভাব কঠোর।
মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দপ্তরবিহীন হওয়ার বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি কখন কাকে কোথায় কাজে লাগাবেন, কাকে কখন রাখবেন, কাকে বাদ দেবেন, তা সম্পূর্ণ তাঁর এখতিয়ার। প্রধানমন্ত্রী না চাইলে আগামীকাল আমাকেও চলে যেতে হবে।’
পরিদর্শনকালে সড়ক ও জনপথের (সওজ) ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব উদ্দিন খান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মোস্তফা কামাল, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।