বিলবোর্ড আর তোরণে ছেয়ে গেছে মহাসড়ক
মহান বিজয় দিবস উপলক্ষে বিলবোর্ড আর তোরণে ছেয়ে গেছে ঢাকা-আরিচা মহাসড়ক, যার অধিকাংশই স্থাপন করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে। এসব বিলবোর্ড আর তোরণ স্থাপন করতে ব্যয় হয়েছে বিপুল অঙ্কের টাকা।সরেজমিনে দেখা যায়, ঢাকার সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ১৪৩টি তোরণ স্থাপন করা হয়েছে। এর মধ্যে বিএনপির তোরণ দেখা গেছে মাত্র ১৫টি আর জাতীয় পার্টির ১২টি। এ ছাড়া মহাসড়কের উভয় পাশসহ সড়ক বিভাজকের ওপর স্থাপন করা হয়েছে কয়েক হাজার বিলবোর্ড, যাতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতার ছবি।নাম প্রকাশে অনিচ্ছুক সাভার আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, গত কয়েক বছরে সাভার আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক শ লোক যোগ দিয়েছেন, যাঁদের বেশির ভাগই আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন। মূলত এসব নেতা নিজেদের উপস্থাপন করতে দলীয় প্রধান ও স্থানীয় সাংসদের ছবির পাশে নিজেদের ছবি জুড়ে দিয়েছেন।সাভারের একাধিক ডেকোরেটর মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি তোরণ স্থাপন করতে নির্মাণ ব্যয়সহ বাঁশ আর কাপড়ের ভাড়া বাবদ তাঁরা নিয়েছেন ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা। এরপর ডিজিটাল ব্যানার বাবদ খরচ হয়েছে পাঁচ হাজার থেকে আট হাজার টাকা। এই হিসাব অনুযায়ী, ১৪৩টি তোরণ স্থাপন করতে ব্যয় হয়েছে প্রায় ৩৬ লাখ টাকা। বিভিন্ন সূত্রের ভাষ্যমতে, এ ছাড়া কয়েক হাজার বিলবোর্ড বাবদ খরচ হয়েছে অন্তত ৫০ লাখ টাকা। সাভারের ভাকুর্তার আনিস ডেকোরেটরের মালিক আনিসুর রহমান বলেন, তিনি আওয়ামী লীগের চারটি ও বিএনপির দুটি তোরণ স্থাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। প্রতিটি তোরণ স্থাপনের জন্য তিনি পেয়েছেন ১৮ হাজার টাকা। ওই টাকায় তিনি শুধু বাঁশের খাঁচা আর কাপড় সরবরাহ করেছেন।সাভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, এসব বিলবোর্ড আর তোরণে লাখ লাখ টাকা ব্যয় হয়েছে। এসব টাকায় দরিদ্র মানুষকে শীতের কাপড় কিনে দেওয়ার পাশাপাশি আরও জনহিতকর কাজ করা যেতে পারত। তিনি বলেন, ‘এসব খাতে টাকা ব্যয় না করে দরিদ্রদের সহায়তা করার পরামর্শ দেওয়া হয়েছিল অনেক নেতাকে। কিন্তু তাঁরা আমাদের কথায় কর্ণপাত না করে বিলবোর্ড আর তোরণ নির্মাণ করে লাখ লাখ টাকা অপচয় করছেন।’