বিলবোর্ড উচ্ছেদ অভিযান বন্ধ
রাজনৈতিক পরিস্থিতির কারণে গতকাল সোমবার চট্টগ্রাম নগরের অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
এদিকে অভিযানে ক্রেন সরবরাহে অপারগতা জানিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ওয়ার্কশপের মালিক কাওসার বলেন, ‘কাল (মঙ্গলবার) থেকে একটি শিল্পপ্রতিষ্ঠানে ক্রেন সরবরাহ করতে হবে। তাই এখন অভিযানে ক্রেন দেওয়া আমার পক্ষে সম্ভব না।’
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম শহিদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার নগরের বিভিন্ন এলাকায় বেশি পুলিশ মোতায়েন করতে হয়েছে। তাই বিলবোর্ড উচ্ছেদ অভিযানে পুলিশ ফোর্স দেওয়া সম্ভব হয়নি। আর রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে আবার অভিযান শুরু হবে।
নগর পুলিশ চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় ১ জানুয়ারি বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করে। রাজনৈতিক পরিস্থিতির কারণে পরদিন থেকে অভিযান বন্ধ হয়ে যায়। ৮ জানুয়ারি পুনরায় অভিযান শুরু হয়ে চলে গত রোববার পর্যন্ত।