বিলবোর্ড উচ্ছেদ অভিযান বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনের বিলবোর্ড উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানিয়েছে আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি করে। এত দিন উচ্ছেদ নিয়ে কেউ কথা না বললেও এখন এই সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সিটি করপোরেশন যেসব বিলবোর্ড উচ্ছেদ করছে সবই বৈধ।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ রাশেদ লিখিত বক্তব্যে বলেন, সময় না দিয়ে কর্তৃপক্ষ একতরফাভাবে বিলবোর্ড উচ্ছেদ করছে। অভিযান বন্ধ না হলে তাঁরা মানববন্ধন করবেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীকে স্মারকলিপি দেবেন, খামারবাড়ি থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করবেন। কাজ না হলে আরও কঠোর কর্মসূচি দেবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা শহরে কোনো অবৈধ বিলবোর্ড নেই। প্রত্যেকটি বিলবোর্ডের সরকারের অনুমতি আছে। ১৫ দিনের সংক্ষিপ্ত সময় দিয়ে উচ্ছেদ অভিযান মূলত একটি শিল্প ধ্বংসের পরিকল্পনা। এর ফলে কোটি কোটি টাকার শিল্প ধ্বংস হবে। শিল্পে জড়িত শ্রমিক-কর্মচারী বেকার হবে। সংগঠনটি এ শিল্প রক্ষায় নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে।
রাজধানীতে বৈধ বিলবোর্ড কত—জানতে চাইলে তাঁরা বলেন, এর সঠিক তথ্য কারও হাতে নেই। তবে দুই সিটি করপোরেশন মিলে ১ হাজার ২০০ হতে পারে। এর বাইরে অবৈধ বিলবোর্ড আছে কি না—জানতে চাইলে তাঁরা বলেন, কোনটি বৈধ আর কোনটা অবৈধ, সেটা বলা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে সংগঠনের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য কাজী মাহবুব হোসেন, রাশেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।