বিলবোর্ড উচ্ছেদে পিছুটান জলাবদ্ধতায় নাকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুলাবালুর অত্যাচার আর ভাঙা সড়কের কষ্ট তো আছেই, দূর হয়নি জলাবদ্ধতাও। গেল বছরে চট্টগ্রাম সিটি করপোরেশনের সেবার চিত্র ছিল এমনই। কেবল তা–ই নয়, নালার ওপর বিপণিবিতান ও পাহাড় কেটে মেয়রের বাসভবন নির্মাণ করতে গিয়ে সমালোচিত হয়েছে সংস্থাটি।
প্রশ্ন উঠেছে বর্জ্য ব্যবস্থাপনার রুটিন কাজের দক্ষতা নিয়েও। পাশাপাশি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করতে গিয়ে মাঝপথেই অভিযানের ইতি টেনে সমালোচিত হয়েছে এই সংস্থা। গত এক বছরে ব্যর্থতার পাশাপাশি কিছু সাফল্যও ছিল সিটি করপোরেশনের। কর্ণফুলীর পাশে মেরিনার্স সড়ক নির্মাণ ও নতুন খাল খননের উদ্যোগকে স্বাগত জানিয়েছে নাগরিকেরা।
নালার ওপর বিপণিবিতান: নগরের জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা দখলমুক্ত রাখার দায়িত্ব সিটি করপোরেশনের। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশন নিজেই নগরের বহদ্দারহাট এলাকায় নালার ওপর বিপণিবিতান নির্মাণ শুরু করে। ‘বহদ্দারহাট সিটি করপোরেশন শপিং কমপ্লেক্স’ নামের এই বিপণিবিতান নির্মাণে উপেক্ষা করা হয় আদালত ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নিষেধাজ্ঞাও।
নালার ওপর বিপণিবিতানের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য গত বছরের ২৯ জানুয়ারি আদালতের রিট করেন স্থানীয় ব্যবসায়ীরা। নির্মাণকাজ অব্যাহত রাখলে সিডিএ ৬ ফেব্রুয়ারি তা বন্ধ করে দেয়।
এদিকে জুলাই মাসে আবারও নির্মাণকাজ শুরু হলে গত বছরের ২৮ আগস্ট মেয়রসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট।
পাহাড়ে মেয়রের বাংলো: নগরের টাইগার পাস এলাকায় পাহাড় কেটে তৈরি হচ্ছে মেয়রের বাসভবন। এ নিয়ে একটি পরিবেশবিষয়ক সংগঠন রিট মামলা দায়ের করে। এরপর হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন গত ১০ ডিসেম্বর বাসভবনের নির্মাণকাজ বন্ধ করে দেয়। ১৫ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর অনুমোদন না নিয়ে ভবন নির্মাণের অভিযোগে সিটি করপোরেশনকে পাঁচ লাখ টাকা জরিমানা করে।
ভাঙা সড়কের কষ্ট: গত বছরের মে ও জুন মাসের বৃষ্টিতে নগরের প্রায় ১০০ কিলোমিটার সড়ক নষ্ট হয়। বেহাল এসব সড়কে সৃষ্টি হয় ছোট-বড় অসংখ্য খানাখন্দ। সঙ্গে ছিল ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের খোঁড়াখঁুড়ি। অনেক জায়গায় জোড়াতালি দিয়ে সড়ক পিচঢালাই করে দেওয়া হয়। আবার অনেক এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না করে ফেলে রাখে করপোরেশন। এতে শীত মৌসুমে সড়কগুলোতে ধুলাবালুতে পথ চলা দায় হয়ে পড়ে নগরবাসীর।
বিলবোর্ড উচ্ছেদে পিছু হটা: বছরের প্রায় সাড়ে ১০ মাস বন্ধ থাকার পর গত ১৬ নভেম্বর ঢাকঢোল পিটিয়ে শুরু হয় নগরের অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান। মূলত নগর পুলিশের উদ্যোগে করপোরেশন এ কার্যক্রম শুরু করে। কিন্তু নগরে আর কোনো অবৈধ বিলবোর্ড নেই দাবি করে ৩ ডিসেম্বর এই অভিযান বন্ধ করে দেয় করপোরেশন। এভাবে অভিযান বন্ধ করে দেওয়ার নগর পরিকল্পনাবিদ ও নগরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
দুপুরে দণ্ড, বিকেলে স্থগিত: অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় গত ২৮ মে চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুল আলমকে দুই বছরের কারাদণ্ড দেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। কাউন্সিলরের সমর্থকেরা তাঁর মুক্তির দাবিতে চান্দগাঁও থানা ঘেরাও করেন। অভিযোগ ছিল, সিটি করপোরেশনের মেয়র ও কয়েকজন কাউন্সিলর মাহবুবুলকে ছেড়ে দেওয়ার জন্য নানা তৎপরতা চালান। শেষ পর্যন্ত নানামুখী চাপের মুখেই ওই দিন বিকেলে মাহবুবুলের শাস্তি স্থগিত করা হয়।
জলাবদ্ধতার যন্ত্রণায় নাকাল : চট্টগ্রাম নগরের আলোচিত-সমালোচিত বিষয় ছিল জলাবদ্ধতা। গত ১১ মে টানা বৃষ্টিতে তলিয়ে যায় নগরের অধিকাংশ এলাকা। একই অবস্থা সৃষ্টি হয় পরের মাসে ২০ থেকে ২২ জুন পর্যন্ত। টানা তিন দিন জলাবদ্ধতায় এক প্রকার বন্দী হয়ে পড়েছিল নগরবাসী। এ সময় নিচু এলাকাগুলোতে এলাকায় গলাসমান পানি ওঠে। গত চার বছরে নগরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে মন্তব্য করেন নগর বিশেষজ্ঞ ও ভুক্তভোগী এলাকাবাসী।
নতুন খাল খননের প্রকল্প অনুমোদন: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ১৯৯৫ সালে প্রণীত নগরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ মহাপরিকল্পনায় নতুন তিনটি খাল খননের কথা ছিল। এর অংশ হিসেবে সিটি করপোরেশন বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত একটি নতুন খাল খনন প্রকল্পের উদ্যোগ নেয়। গত জুনে একনেকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
মেরিনার্স সড়ক নির্মাণ: নগরের যানজট নিরসনে ফিরিঙ্গিবাজার থেকে চামড়ার গুদাম পর্যন্ত ১২ কোটি টাকা ব্যয়ে মেরিনার্স সড়ক নির্মাণ করে সিটি করপোরেশন। গত ২৩ জুলাই এই সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।