অননুমোদিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার দ্রুত অপসারণের তাগিদ দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। গত বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই তাগিদ দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের সড়ক ও গলি বিভিন্ন দিবস বা অনুষ্ঠান উপলক্ষে ÿসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠনের নেতাদের ছবিসংবলিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। আনিসুল হক বলেন, ‘প্রতিদিনই আমরা শহর পরিষ্কার করি, আবার প্রতিদিনই কেউ না কেউ ব্যানার বা পোস্টার লাগাচ্ছেন। একা মেয়রের অফিস শহর পরিচ্ছন্ন রাখতে পারে না, এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’ সিটি করপোরেশন বিধিমালা অনুযায়ী বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্যে নিজস্ব বা সিটি করপোরেশনের জায়গায় যেকোনো বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুনজাতীয় স্থাপনা নির্মাণে সিটি করপোরেশনের অনুমোদন নিতে হবে এবং নির্ধারিত কর পরিশোধ করতে হবে।