বিলবোর্ড টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারে আজ বুধবার বিকেলে বিলবোর্ড স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ব্যক্তি মারা গেছেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে সাভারের খাগাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন।

নিহত তিনজন হলেন ঢাকার বাড্ডা এলাকার আনোয়ার হোসেন (৩৫), ময়মনসিংহের মোঞ্জাত (২৫) ও হাশেম।

পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর সবাইকে স্থানীয় লোকজন উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রকিব নামে আহত আরেক ব্যক্তি ওই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থাও গুরুতর।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।